আমাকে হত্যা করতেই ২১ অগাস্টের হামলা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলা হয়েছিল।
গণভবনে মঙ্গলবার বিকালে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবার এবং আহতদের আর্থিক অনুদান হস্তান্তর অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “২১ অগাস্ট গ্রেনেড হামলার আগে খালেদা জিয়া একটা বক্তৃতা দিয়েছিল…বলেছিল, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী দূরের কথা বিরোধীদলীয় নেতাও হতে পারবে না।
“এই বক্তৃতা দেবার পরই কিন্তু এই আক্রমণটা। এ থেকে বোঝাই যায় কারা এর সাথে জড়িত।”
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর পঁচাত্তরের ১৫ অগাস্টের ঘটনা তুলে ধরে বিএনপি নেতাদের ‘বাপ যে পথে গেছে শেখ হাসিনাও সে পথে যাবে’ বক্তব্যের কথাও প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়। সে সময় দেশের বাইরে থাকায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে যান।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শোভাযাত্রার আগে সমাবেশে গ্রেনেড হামলায় নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জন প্রাণ হারান। আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী আহত হন। আহতদের অনেকে চিরতরে পঙ্গু হন।
সন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত ওই সমাবেশে শোভাযাত্রার আগে চালানো এই হামলার লক্ষ্য যে ছিল শেখ হাসিনাকে হত্যা, তা পরে তদন্তে বেরিয়ে আসে।
হত্যার উদ্দেশে চালানো ওই হামলায় বেঁচে যাওয়ায় নেতা-কর্মীদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিনের ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বাঁচাতে মানব ঢাল তৈরি করে বলেই তিনি প্রাণে বেঁচে যান।
বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, “তারা কোনো সুস্থ রাজনীতিতে বিশ্বাস করে না। তারা জানে খালি সন্ত্রাস, জঙ্গিবাদ আর দুর্নীতি।”
