‘২১ অগাস্ট পর্যাপ্ত নিরাপত্তা ছিল না শেখ হাসিনার’
বিরোধীদলীয় নেতাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, ২১ অগাস্ট গ্রেনেড হামলার দিন আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনাকে সেভাবে নিরাপত্তা দেওয়া হয়নি বলে সাক্ষ্য দিলেন দলটির নেতা মহীউদ্দীন খান আলমগীর।
একুশে অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সোমবার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ২০৬ নম্বর সাক্ষী হিসাবে দেওয়া সাক্ষ্যে একথা বলেন তিনি।
বিচারক শাহেদ নূর উদ্দিন তার আংশিক সাক্ষ্যগ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলী সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিউদ্দিন খান আলমগীর বিচারকের সামনে বলেন, সেদিন সমাবেশ লক্ষ্য করে ১২টি গ্রেনেড ছোড়া হয়েছিল।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে ওই গ্রেনেড হামলায় দলের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়; আহত হয় শতাধিক মানুষ।
হামলার ধরন ও প্রচণ্ডতা থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যা করাই ছিলো এর উদ্দেশ্য। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণ ইন্দ্রীয়।
আদালতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “ঘটনাস্থল থেকে সেদিন তিনটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়। কিন্তু তা কোনোরকম পরীক্ষা ছাড়াই ধ্বংস করা হয়। শেখ হাসিনার দেহরক্ষী মেজর শোয়েব ঘটনায় ব্যবহৃত গ্রেনেড সম্পর্কে তাকে জানান।
“তিনি বলেছিলেন, এ ধরনের গ্রেনেড সাধারণত সেনাবাহিনী ব্যবহার করে। আর চট্টগ্রামে আটক ১০ ট্রাক অস্ত্র ও গ্রেনেডের সঙ্গে একুশে অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে ছোড়া গ্রেনেডের মিল রয়েছে।”
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের এদিন আদালতে হাজির করা হয়।
মামলায় জামিনে থাকা খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে ছিলেন।
মামলায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। সম্প্রতি যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
