অনিয়ম তদন্তে গঠিত কমিটিতেই ‘অনিয়ম’
পরিবেশ অধিদপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগে অনিয়ম তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির কাজেই ‘অনিয়ম’ হয়েছে বলে মনে করছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে ওই তদন্ত কমিটি নিয়ে আলোচনা হয়।
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর পরিবেশ অধিদপ্তরে ৪৯ জন অফিস সহায়ক, ১২ জন নিরাপত্তা কর্মী ও ৬ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়।
পরে দরপত্র আহ্বানের মাধ্যমে ওই ৬৭ জন কর্মী নিয়োগের চুক্তি করা হয় পিমা অ্যাসোসিয়েটস নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে।
কিন্তু ওই নিয়োগে অনিয়ম হয়েছে বলে চলতি বছরের ৩০ জানুয়ারি সংসদীয় কমিটির বৈঠকে অভিযোগ তোলা হয়।
কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে সংসদীয় কমিটির প্রতিবেদন চাইলে ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম মনজুরুল হান্নান খানের নেতৃত্বে এক সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে মার্চ মাসে মনজুরুল হান্নানের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়।
ওই তদন্ত কমিটি নিয়োগ প্রক্রিয়ায় ‘কোনো অনিয়ম হয়নি’ বলে প্রতিবেদন জমা দেয়। তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিটি মঙ্গলবারের বৈঠকে ওই নিয়োগ প্রক্রিয়ায় জড়িত কয়েকজনের সাক্ষাৎকার নেয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, “তদন্ত কমিটির কাজেই অনিয়ম হয়েছে। তারা বলেছে ওখানে কোনো অনিয়ম হয়নি। অথচ চাকরি দেওয়ার নাম করে অর্থ দাবি করার প্রমাণ আছে। অর্থ দাবি করা হয়েছে এমন কল রেকর্ড আছে। অথচ তদন্ত কমিটি বলছে ওখানে অনিয়ম হয়নি।”
সাবেক পরিবেশ মন্ত্রী হাছান বলেন, “সংসদীয় কমিটির সংশ্লিষ্টদের বক্তব্য শুনেছে। সংসদীয় কমিটি মনে করছে ওই তদন্ত কমিটি ঠিকমত কাজ করেনি। এখানেও দুর্নীতি হয়ে থাকতে পারে। কমিটির মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে।”
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি পলিথিনের ব্যবহার বন্ধ করতে পলিথিন তৈরির কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার সুপারিশ করে।
হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, নবী নেওয়াজ, মো. ইয়াহহিয়া চৌধুরী এবং টিপু সুলতান অংশ নেন।
