গাড়ির ফিটনেস জরিপে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে একটি জাতীয় নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
কমপক্ষে ১৫ সদস্যের এই কমিটি দ্রুত গঠন করে তিন মাসের মধ্যে জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করতে স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী তানভীর আহমেদ; সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আবু সাঈদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী শর্মা ও পূরবী সাহা।
আদেশের পর আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, “ফিটেনেসবিহীন যান চলাচল বন্ধে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না এবং ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে গণপরিবহনের ফিটনেস নিশ্চয়তা ও নজরদারিতে বিবাদীদের ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।”
স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, বিআরটিএ চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক নিরাপত্তা বিভাগের পরিচালক, বিআরটিএর এনফোর্সেমেন্ট বিভাগের পরিচালক ও পুলিশ প্রধানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনের ফিটনেস জরিপে যথাযথ পদক্ষেপ নিতে গত ৯ জুলাই বিআরটিএর চেয়ারম্যানকে আইনি নোটিস দেওয়া হয়।
দশ দিনের সময় বেঁধে দিয়ে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস জরিপে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয় নোটিসে।
কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পেয়ে গত সপ্তাহে আইনজীবী তানভীর আহমেদ হাই কোর্টে রিট আবেদন করেন।
তানভীর বলেন, “মানিকগঞ্জের ঘিওরে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার সেই দুর্ঘটনার জন্য ফিটনেসবিহীন পরিবহনই দায়ী ছিল, যা ওই মামলার রায়ে পুলিশের গোয়েন্দা বিভাগের তদন্ত বলা হয়েছে।
“সম্প্রতি দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী রাজিবের হাত বিচ্ছিন্ন হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে, এর পেছনেও রয়েছে যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেস না থাকা। এছাড়া গত রোববার বাসাচাপায় যে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, সেটির তদন্ত করলেও হয়ত এর পেছনে বাসটির ফিটনেস ত্রুটি উঠে আসবে। এসব দুর্ঘটনা, প্রাণহানীর দায় এড়ানোর কোনো সুযোগ বিআরটিএর নেই।”
তিনি বলেন, “ঢাকার রাস্তায় ফিটনেস ছাড়া অহরহ যানবাহন চলছে। কোনোটার লুকিং গ্লাস নেই, কোনোটার ব্রেক লাইট, সিগন্যাল লাইট ঠিক নেই। এমনকি অনেক যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেসও নেই। সংবিধান অনুযায়ী আইনগত অধিকার ছাড়া কাউকে জীবন থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু ফিটনেসবিহীন এসব যানবাহনের কারণে যেখানে সেখানে সড়ক দুর্ঘটনা ঘটছে। মানুষ প্রাণ হারাচ্ছে।”
