২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা কেলেঙ্কারি: মধ্যপাড়ার আওরঙ্গজেবকে দুদকে তলব

কয়লা কেলেঙ্কারির ঘটনায় দুদক দিনাজপুরের বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরুল আওরঙ্গজেবকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, যিনি বর্তমানে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচলাক পদে আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

আগামী ১ অগাস্ট তাকে ঢাকার দুদক কার্যালয়ে হাজির হতে হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ সংস্থার মুখপাত্র প্রনব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, বড় পুকুরিয়ার কয়লা কেলেঙ্কারির ঘটনায় জড়িত সন্দেহে মোট ২১ জনের দেশত্যাগে দুর্নীতি দমন কমিশন নিষেধাজ্ঞা দিয়েছে।

প্রায় দেড় লাখ টন কয়লা কেলেঙ্কারির ঘটনায় বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে আসামি করে গত মঙ্গলবার দুর্নীতি দমন আইনে অভিযোগ দায়ের করে খনি কর্তৃপক্ষ।

ওই ১৯ আসামির মধ্যে আওরঙ্গজেবের নাম না থাকলেও পেট্রোবাংলার পক্ষ থেকে কয়লা কেলেঙ্কারির যে প্রাথমিক তদন্ত করা হয়েছে, সেখানে আওরঙ্গজেবসহ খনির একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালকের নাম এসেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।  

তাদের মধ্যে আওরঙ্গজেব হজে যাওয়ার জন্য ৩০ জুলাই থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নেন। সোমবার তার ফ্লাইট থাকলেও যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজকেই বেলা ৩টায় আমার হজ ফ্লাইট ছিল। কিন্তু স্বেচ্ছায় আমি তা বাতিল করেছি।”

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আওরঙ্গেজেব দাবি করেন, “আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। হয়ত সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমাকে তলব করা হয়েছে।”   

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান পার্বতীপুর মডেল থানায় ১৯ জনকে আসামি করে যে অভিযোগ দায়ের করেছেন, সেখানে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা খোলা বাজারে বিক্রি করে ২৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আর্জিতে বলা হয়েছে, খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানিয়া, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নূর-উজ-জামান চৌধুরী ও উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলামসহ খনির ব্যবস্থাপনায় জড়িত অপর আসামিরা ওই কয়লা চুরির ঘটনায় জড়িত।

অন্য যাদের আসামি করা হয়েছে তারা প্রত্যেকেই ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পর্যায়ের কর্মকর্তা।

পুরনো খবর:

কয়লা কেলেঙ্কারি: ১৯ খনি কর্মকর্তার বিরুদ্ধে মামলা