‘অধ্যাপক আকমলের বিরুদ্ধে অপপ্রচার নীল নকশার অংশ’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকমল হোসেনের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্নমত দমনের নীল নকশার অংশ বলে অভিযোগ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোট নেতারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজউল্লাহ, সাধারণ সম্পাদক রাজিব কুমার দাশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাবি শাখার আহ্বায়ক আলমগীর হোসেন সুজন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুক শাকিল।
লিখিত বক্তব্যে সালমান সিদ্দিকী বলেন, “গত ১৯ জুলাই অপরাজেয় বাংলায় নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের সংহতি সমাবেশে অধ্যাপক আকমল হোসেনের প্রদত্ত বক্তব্যের একটি অংশকে খণ্ডিত ও পরিপ্রেক্ষিতবিহীনভাবে প্রচার করে তার সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তির অভিযোগ আনা হয়েছে। অধ্যাপক আকমল হোসেনের বক্তব্যের পুরো ভিডিও এবং লিখিত ব্যাখ্যা দেখলে যে কেউ বুঝতে পারবেন তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে।”
লিখিত বক্তব্যে বলা হয়, অধ্যাপক আকমল হোসেনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষকবৃন্দ, যারা সম্প্রতি শিক্ষার্থীদের উপর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তাকে বিতর্কিত করার চেষ্টা বাস্তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়িনের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক পরিবেশের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিত আক্রমণ।
