দুদকের মামলায় সোনালী ব্যাংকের জিএম ননীর সাজা
সম্পদের হিসাব না দেওয়ায় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ননী গোপাল নাথকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ জরিমানাও করা হয়েছে।
রোববার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন।
ননী গোপাল পলাতক থাকায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে দুদকের আইনজীবী রফিকুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) ননী গোপালকে সম্পদ বিবরণী দাখিলের নোটিস দেয়।
নির্ধারীত সময়ে সম্পদের হিসাব না দেওয়ায় ২০১৬ সালের ৩১ জানুয়ারি রমনা থানায় তার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মজিবুর রহমান।
ওই বছরের ২০ জুন তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান।
২০১৭ সালের ২৫ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের আদেশ দেয় আদালত।
হল-মার্কের মামলায় অভিযোগপত্রে নাম আসায় বরখাস্ত করা হয়েছিল ননী গোপাল নাথকে।
