কামরানের ভোট ভিক্ষা, সুষ্ঠু ভোটের আশা আরিফুলের
শেষ মুহুর্তের প্রচারণায় জমে উঠেছে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। সিলেটের দুই প্রধান মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটিয়েছেন। সিলেট নগরীর অলিগলি মুখরিত ছিল ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের পদচারণায়।
এবারের নির্বাচনকে নিজের জীবনের শেষ নির্বাচন হিসেবে বর্ণনা করে জনতার কাছে ভোট ভিক্ষা চাইলেন সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।
সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিনে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথসভায় সাবেক মেয়র নগরবাসীর কাছে তাকে আরেকবার মেয়র হিসেবে নির্বাচিত করার অনুরোধ করেন।
নগরীর দক্ষিণ সুরমা এলাকার কদমতলী পথসভায় কান্না জড়ানো কণ্ঠে কামরান বলেন, “এই কামরানকে আপনারা তিলে তিলে গড়ে তুলেছেন। বড় করেছেন, নেতা বানিয়েছেন। ২০০৮ সালে যখন আমি কুমিল্লা কারাগারে বন্দি ছিলাম। তখনও আপনারা আমাকে নির্বাচিত করেছেন। তাই আজ আবার আপনাদের কাছে এলাম।
“আমাকে আপনারা তাড়িয়ে দিবেন না। আমার মা-বাবা নেই। আপনারাই আমার মা-বাবা। আপনারা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব। আমি কখনো আপনাদের সঙ্গে বেঈমানি করি নাই। সেই অধিকার থেকেই আমি আপনাদের কাছে ভোট চাইছি।
“আমার বয়স ৬০ বছরের বেশি হয়ে গেছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আর হয়তো আসবো না। আপনাদের কাছে শেষবারের মতো ভোট ভিক্ষা চাইছি। আমাকে ফিরিয়ে দিবেন না। শেষবারের মতো আল্লাহর ওয়াস্তে আমাকে মেয়র হওয়ার সুযোগ দিন।”
দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন কামরান। বিকাল ৩টায় কাজীর বাজার এলাকায় পথসভা করেন। সেখান থেকে মির্জা জাঙ্গাল এলাকার একটি পথসভায় যান কামরান। সেখানে ইসলামী ঐক্যজোটের একটি অংশের প্রধান মেসবাহুর রহমান চৌধুরী নির্বাচনে কামরান আহমেদকে সমর্থন অনুষ্ঠানে যান। পরে সন্ধ্যায় কদমতলী এলাকায় পথসভায় ভাষণ দেন। রাতে কিন ব্রিজের গোড়ায় চাঁদনিঘাট এলাকায় শেষ পথসভায় ভাষণে ভোটারদের কাছে ভোট চান তিনি।
কিছুদিন ধরে নির্বাচন নিয়ে নানা শঙ্কা, ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা প্রকাশ করে আসছেন সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তারপরও জনগণের রায় তার পক্ষেই থাকবে বলে আশাবাদী তিনি।
শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে প্রচার-প্রচারণার শেষ পথসভায় আরিফুল তার এ আশার কথা জানান।
আরিফুল বলেন, ‘‘সিলেট নগরের মানুষের প্রতি আমার অগাধ আস্থা। তারা যে কাউকে যেমন বুকে টেনে নিতে পারেন তেমনি আস্তাকুঁড়ে ছুড়ে দিতে পারেন।
“গত পাঁচ বছর আমার ওপর যে অন্যায়-অবিচার করা হয়েছে এবং আমার কর্মীদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে তার বিচারের ভার আমি নগরবাসীর ওপরই ছেড়ে দিলাম।’’
