২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণে জনগণকে কষ্ট দেবেন না, এসএসএফকে রাষ্ট্রপতি

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের আচরণে সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে সজাগ থাকতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 11:47 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

শনিবার রাজধানীতে এসএসএফের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, “মনে রাখতে হবে, ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’। আপনাদের কোন আচরণে জনগণ যেন কষ্ট না পায় সে দিকে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে।”

ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টির স্মরণ করিয়ে দিয়ে এসএসএফ সদস্যদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, “জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই পেশাদারিত্বের পরিচয় দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।

১৯৮৬ সালে রাষ্ট্র ও সরকার প্রধান এবং সরকার ঘোষিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী গঠিত হয়। পরে এই বাহিনীর নামকরণ করা হয় ‘স্পেশাল সিকিউরিটি ফোর্স’।

এসএসএফ সদসদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার তুলে ধরে আবদুল হামিদ বলেন, “ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় এই বাহিনীতে অচিরেই অত্যাধুনিক ৪র্থ প্রজন্মের ভেহিকেল মাউন্টেড ও পোর্টেবল জ্যামিং সিস্টেম, ড্রোন গান ও এন্টি ড্রোন সিস্টেম, ড্রোন ও রোবটিক সারভেইল্যান্স সুবিধাসহ অত্যাধুনিক কমান্ড ভেহিকেল সংযোজিত হতে যাচ্ছে, যা খুবই তাৎপর্যপূর্ণ।

“এছাড়াও বিভিন্ন ধরনের সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে এক্সপ্লোসিভ ডিটেক্টর, ফুড রেডিয়েশন ডিটেক্টর, মিলিমিটার মাইক্রোওয়েভ বডি স্ক্যানার, বায়োমেট্রিক ডিটেকশন ও ইন্টেলিজেন্স ফেস ডিটেকশন সিস্টেম অতি শীঘ্রই এসএসএফ এবং সহযোগী বাহিনীর বহরে সংযোজিত হতে যাচ্ছে। এ সকল অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে এসএসএফ সদস্যগণের কেবল সক্ষমতাই বৃদ্ধি পাবে না, দায়িত্ব পালনে তারা আরও স্বনির্ভর এবং আত্মপ্রত্যয়ী হবে বলে আমার বিশ্বাস।”

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক,  তিন বাহিনীর প্রধান, এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল শফিকুর রহমান ছাড়াও পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।