‘পুঁজিবাদী বিষয়ে রবীন্দ্রনাথ ছিলেন সঙ্কোচে, নজরুল নন’
পাশ্চাত্যের পুঁজিবাদী, ধনাঢ্য শ্রেণি-সভ্যতার বিপরীতে সাম্যবাদী সমাজতান্ত্রিক বিপ্লবের পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘সঙ্কোচে থাকলেও’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তা ছিলেন না বলে মত প্রকাশ করেছেন এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত ‘উত্তরাধিকার-রবীন্দ্র, নজরুল’ শিরোনামে একটি আয়োজনের উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।
শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এই আয়োজনে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রাণী ভট্টাচার্য সোমার সভাপতিত্বে আলোচনায় যোগ দিয়েছিলেন বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী।
‘অচলনায়তন’, ‘মুক্তধারা’, ‘ডাকঘর’ ‘রথের রশি’, ‘রক্তকরবী’ নাটকের উদাহরণ টেনে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “এসব রবীন্দ্রনাথ ঠাকুর পুঁজিবাদের সমস্যার কথা বললেও প্রকৃত অর্থে তিনি কখনও পুঁজিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেননি। ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করতে গিয়ে তিনি মনে করতেন, সম্পত্তির মধ্যে দিয়ে ব্যক্তি নিজেকে প্রকাশ করতে পারে। এ নিয়ে দ্বিধায় ভুগতেন তিনি।”
১৯১৭ সালে রুশ বিপ্লবে উজ্জ্বীবিত হয়ে কবি নজরুল ‘লাল ফৌজ’ গল্পে লিখেছেন বিপ্লবের কথা, পরে অর্ধ-সাপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’ ও প্রবন্ধ ‘রাজবন্দির জবানবন্দী’, গান ‘কারার ঐ লৌহ কপাট’ ও পরে ‘বিদ্রোহী’ কবিতায় পুঁজিবাদের স্বরূপ উন্মোচন করেন কবি নজরুল।
অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, “রবীন্দ্র যুগে রবীন্দ্রনাথের ধারা থেকে বের হওয়া চাট্টিখানি কথা ছিল না। অথচ নজরুল তা পেরেছেন, পেরেছেন নিজের স্বকীয় অবস্থান তৈরি করে নিতে। ‘বিদ্রোহী’ কবিতায় তিনি বললেন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হলেই তিনি শান্ত হবেন। এখানে রবীন্দ্রনাথ থেকে আলাদা হয়ে নজরুল স্বতন্ত্র বৈশিষ্ট্যে ভাস্বর।”
তিনি আরও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুর উদারনৈতিক ছিলেন। জীবনের শেষ লেখা ‘সভ্যতার সংকট’ এ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপেক্ষায় থাকতে দেখা যায়। তিনি অপেক্ষা করছেন, মুক্তি দূতের। যিনি পূর্ব দেশ থেকে আসবেন। এক পরিত্রাণ কর্তার ভূমিকার আশায় ছিলেন তিনি। তিনি মনে করতেন, শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন আসবে।
পরে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুলের মধ্যে সুসম্পর্কের দিক নিয়েও আলোকপাত করেন তিনি।
“রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে চিনেছিলেন। হুগলির জেলে নজরুল অনশন করছেন, তখন তাকে অনশন ভাঙ্গতে টেলিগ্রাম করলেন রবীন্দ্রনাথ। তিনি লিখলেন, ‘আমাদের সাহিত্যে তোমার প্রয়োজন রয়েছে’। পরে তাকে উৎসর্গ করলেন ‘বসন্ত’ নাটকটি। এর আগে রবীন্দ্রনাথ তার নিকটজন ছাড়া কাউকে বই উৎসর্গ করতেন না। এ ঘটনা তাৎপর্যপূর্ণ। নজরুলকে চিনে ফেলাই রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণত্ব।”
বাংলার দুই প্রধান কবির আন্তর্জাতিক মতবাদের ইস্যুতেও আলোচনা করেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলপ্রাপ্তির মাধ্যমে ব্রিটিল উপনিবেশের প্রান্তিক ভাষা বাংলা ‘অনন্য মর্যাদা’পেয়েছিল বলে মনে করেন তিনি।
১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “প্রান্তিক অঞ্চলের এ ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলল।”
কবি কাজী নজরুল ইসলামও রুশ বিপ্লবের ধারাবাহিকতায় লিখছেন, তার লেখনীতেও আন্তর্জাতিক বোধের দেখা পান অধ্যাপক সিরাজুল।
বুদ্ধদেব বসুর মতো কবিরা কাজী নজরুলকে ‘আধুনিক কবি নন’ বলে একসময়ে আখ্যা দিয়েছেন।
অধ্যাপক সিরাজুল বলেন, “যারা বলত, নজরুল আধুনিক নন, তারা নিজেরাই আধুনিকতার সংজ্ঞা জানেন না।”
আলোচনার শেষ পর্যায়ে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাংলার মানুষের মুক্তির পথে আজো পথ দেখান। তাদের উত্তরাধিকার বহন করা নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতির জন্য আরো অনেক উপাদান সৃষ্টি করে যেতে হবে।
