২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুরুষের যথাযথ সামাজিকীকরণ কমাতে পারে নারী নির্যাতন’

ছোটবেলা থেকে পুরুষের যথাযথ সামাজিকীকরণের মাধ্যমে নারী নির্যাতন ও ধর্ষণ প্রবণতা কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য এসেছে এক সেমিনারের আলোচনা থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 06:56 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সানজিদা আক্তার বলেন, “অসম্পূর্ণ সামাজিকীকরণ নিয়ে যখন ছেলেরা বড় হয়, তখন নারীদের কি চোখে দেখতে হবে- সেটা তাদের মধ্যে তৈরি হয় না।

“নারীদের তারা একটি ‘বডি’ হিসেবে দেখে। সুতরাং নারী শিক্ষা, নারীর অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন হলেও ছেলেদের আমরা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে বড় করছি- সেটা খুব গুরুত্বপূর্ণ।”

এক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “যৌন শিক্ষার পাশাপাশি নারীকে কোন চোখে দেখতে হবে সে শিক্ষা পরিবার ও স্কুল-কলেজ থেকেই দিতে হবে। তাহলে সে নির্যাতনকারী হিসেবে তৈরি হবে না।”

‘নারী-শিশুর প্রতি নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধে নাগরিক সমাজ ও রাষ্ট্রের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজক ছিল ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন (ডুফা)।

ক্ষমতার অসম ব্যবহারের কারণেই সমাজে নির্যাতন  ও ধর্ষণ প্রবণতা বাড়ছে বলে মনে করেন ড. সানজিদা আক্তার।

এক্ষেত্রে নারীদের উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করার তাগিদ দেন তিনি। 

সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, “যারা ধর্ষণের সাথে জাড়িত তাদের ওপর একটি গবেষণা করে এই সামাজিক ব্যধি নির্মূলে ব্যবস্থা নিতে হবে। সবার প্রচেষ্টার মাধ্যমে সমাজকে নারী ও শিশুবান্ধব করতে হবে। সরকার এককভাবে পারবে না, সবাই মিলে করতে হবে।

“নারী-পুরুষ যখন সমান তালে চলবে, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেজন্য তো নারীদের সুযোগ দিতে হবে। নারীকে বাড়তি সুযোগ দিতেই হবে।”

বেসরকারি সংস্থা নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবীর বলেন, “সমাজের বিভিন্ন স্তরে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এতে করে নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে পরিবার থেকেই কাজ শুরু করতে হবে।” 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (ডুফা) সানজিদা খান রিপা, ব্যারিস্টার কামরুন মাহমুদ দিপা ও মো. জাহিদুল কবীর টিটু।

সেমিনারে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের একটি পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, বয়স ১০ হওয়ার আগেই দেশে ৫ দশমিক ১৭ ভাগ শিশু যৌন নিপীড়িনের শিকার হচ্ছে।

২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ১৭ হাজার ৩৮৯টি নারী ও শিশু ধর্ষণের মামলা নথিভুক্ত হয়, যার মধ্যে ১৩ হাজার ৮৬১ জন ভুক্তভোগী নারী ও তিন হাজার ৫২৮ জন শিশু।

২০১৮ সালের মার্চ পর্যন্ত ১৮৭ জন নারী ধর্ষণের শিকার, ২৯ জন যৌন হয়রানি ও ১৯ জন ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রবন্ধে।

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের (ডুফা) সভাপতি এ কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সংগঠনটির সাধারণ সম্পাদক ড. নেয়ামুল ইসলাম প্রমুখ।