ফল যাই হোক, ভোট হোক সুষ্ঠু: চাওয়া সিলেটবাসীর
আর এক দিন পরই সিলেট সিটি করপোরেশন নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সিলেটবাসী চাইছে, ভোট যেন আগের মতোই সুষ্ঠু হয়।
শুরু থেকেই সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করে আসছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান বলছেন, এখন পর্যন্ত নির্বাচনে দুই দলের প্রার্থীই সমান সুযোগ পাচ্ছেন, নির্বাচনও সুষ্ঠু হবে।
রাজনৈতিক নেতাদের বাইরে সিলেটের সাধারণ মানুষের প্রত্যাশা, একটি সুষ্ঠু নির্বাচন হোক, তাতে ফল যাই হোক না কেন।
শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার ভার্থখোলা এলাকার একটি চায়ের দোকানে বলে গল্প করছিলেন টিপু আহমেদ, শামীম এবং দুলাল নামে তিন মধ্য বয়সী। নির্বাচন ভাবনা জানতে চাইলে সবাই একসঙ্গে বলে ওঠেন, এখানে ভোট সুষ্ঠু না হওয়ার ‘উপায় নাই’।
টিপু জানান, তার জীবনে যত ভোট দেখেছেন, সিলেটে কখনও কোনো সমস্যা হয়নি।
“এইটা ৩৬০ আউলিয়ার দেশ। আমরা ভোটার হওয়ার পর দেখতেছি না এইখানে কোনো ঝামেলা হইতে। সুষ্ঠু নির্বাচন হইতাছে। এবারও আশা করা যায় সুষ্ঠু হইবে।”
উপশহর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনেরও আশা, নির্বাচন সুষ্ঠু হবে। কারণ হিসেবে তিনি বলেন, ছোট এই শহরে সবাই সবাইকে চেনে।
“আমরা যেই এলাকাতে বসবাস করি। এখানে সবাই সবাইরে চিনে, আমাদের মাইদ্যে কোনো হিংসা-বিদ্বেষ নাই। যে আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, কে জামাত করে- এইটা নাই। যে মেয়র হোক, যে কাউন্সিলর হোক, সে তো আমার ঘরের লোক। ৩০ তারিখের পরে তো তারার লগেই বসবাস করতে হবে।”
আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান
আম্বরখানা পয়েন্টে কথা হয় আখালিয়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ জালাল আহমেদ জলিলের সঙ্গে। এই বর্ষীয়ান বলেন, ফলাফল যার পক্ষেই যাক, নির্বাচন সুষ্ঠু হোক তাই চান তিনি।
“আমরা চাইতাছি সুষ্ঠু নির্বাচন হোক। কোনো ফিৎনা-ফ্যাসাদ যেন না হয়। আশা করি, নির্বাচন সুষ্ঠুই হবে ইনশা আল্লাহ।”
নাগরিক হিসেবে নিজের ভোটের অধিকার হারাতে চান না আম্বরখানা পয়েন্টের পান দোকানদার আমিন আহমেদ। এজন্য তার চাওয়া নির্বাচন সুষ্ঠু হোক।
“মানুষ যেন নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে আমার প্রত্যাশা এটাই। আশা করি নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। কারণ এখন পর্যন্ত কোনোখানেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই, কেউ কোনো প্রভাবশালী ভূমিকাও পালন করছে না। ধারণা করি সুষ্ঠু নির্বাচন হবে।”
তবে নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে সন্দিহান অটোরিকশা চালক মনসুর। শনিবার সকালে জিন্দাবাজার এলাকায় জাবেদ বলেন, তার অটোরিকশা চলাচলকারী যাত্রীদের কথোপকথন দেখে তার মনে হয়েছে, আরিফুল হক চৌধুরী জিততে পারেন নির্বাচনে।
“সঠিক নির্বাচন অয় কিনা কইতাম পারি না। আমরাও বুজতে পারতাছি না।”
চালিবন্দরের ব্যবসায়ী ছড়ারপাড় এলাকার বাসিন্দা মোহাম্মদ আজগর আলীর মতে, এখন পর্যন্ত পরিবেশ ভালো মনে হলেও ভোটারদের মনে একটা আতঙ্ক আছেই।
বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী
“এখন পর্যন্ত জমজমাট প্রচারণা চলতেছে। দুই প্রার্থীই সমানে প্রচারণা চালাতে পারতেছে। তারপরও মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। তবে এইটা শুধু এখন না, অতীতের নির্বাচনেও ছিল। কারণ সবার তো সমান সমর্থন থাকে না। যাদের সমর্থন কম তারা একটা আতঙ্ক তৈরি করে। প্রশাসনে যারা আছে তাদের অনেক বড় দায়িত্ব নাগরিকদের অধিকার নিশ্চিত করা। লোকজন যেন ভোট নির্ভয়ে দিতে পারে।”
কিন ব্রিজের কাছে বন্দর বাজার এলাকার একটি রেস্তোরাঁর কর্মী ও ১৩ নম্বর ওয়ার্ডের ভোটার আবদুল মান্নানের মতে, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালোই আছে।
“এখন পর্যন্ত খারাপ কিছু দেখি নাই। ভবিষ্যতেও যেন না হয়। আমরার চাওয়া নির্বাচনটা সুষ্ঠু হোক। যেই পাস করুক, আমাদের কুনু সমস্যা নাই।”
যে পান-সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে মান্নানের সঙ্গে কথা হচ্ছিল, সে দোকানদার জয়নাল আবেদীনের মনে অবশ্য সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে। সিলেট নির্বাচন যেন খুলনা-গাজীপুরের মতো না হয়।
“আশা করি সুষ্ঠু হবে। কিন্তু গাজীপুর-খুলনার নির্বাচন যেই অবস্থা দেখছি। সেই অবস্থা হইলে তো আর কিছু হইলো না। এখন সিলেটের পরিবেশও সেইরকম মনে হইতেছে। এই অবস্থা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
সিলেটের নির্বাচন একটা প্রশ্নবিদ্ধ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বিরোধী প্রার্থীর কর্মী-সমর্থকদের গ্রেপ্তার এবং মামলা দেওয়ার মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে।
“দিন-দিন পরিবেশ ঝুঁকিপূর্ণ হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে। মানুষ ভোট দিতে আসবে কি না, সেটাও একটা প্রশ্ন। নিরীহ মানুষ, যারা কোনো দলকানা নয়, তারা আসতে তো অবশ্যই ভয় পাবে।”
তবে নির্বাচন সুষ্ঠু হবে বলে ভোটারদের আশ্বস্ত করছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলীমুজ্জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটের সুষ্ঠু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ, এর কোনো ব্যত্যয় হবে না।”
