সরকারের নির্দেশ বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় নির্বাচনের বছর সরকারের নির্দেশ বাস্তবায়নে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “জেলা প্রশাসকরা হচ্ছেন সরকারের প্রতিনিধি, তারা মাঠ পর্যায়ে থেকে পলিটিক্যাল গভর্নমেন্টের চিন্তা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে থাকেন।
“তাদেরকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি আমরা- আমাদের যে কমিটমেন্টগুলো মানুষের কাছে আছে, বিশেষত স্বাস্থ্য সেবা ক্ষেত্রে, কমিটমেন্টগুলো বাস্তবায়নের জন্য আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন।”
নাসিম বলেন, “আশা করি এই পদক্ষেপের মাধ্যমে কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তারা অগ্রণী ভূমিকা রাখবে। তারা হেলথ সেক্টরেও মাঠ পর্যায়ে অনেক ভূমিকা পালন করে থাকেন। … আপনাদের সমস্যা থাকলে আমরা অ্যাড্রেস করব, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাই।”
সরকারের শেষ বছরে অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের আলাদা গুরুত্ব আছে জানিয়ে তিনি বলেন, “যেহেতু নির্বাচনী বছর, আমাদের অনেকগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য চূড়ান্ত সময় এসে গেছে। যেগুলো বাকি আছে, সেগুলো বাস্তবায়নের জন্য তাদের দরকার।
“দে আর দ্য লিডার, মাঠ পর্যায়ে তারা আমাদের নেতৃত্বে দেন অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। তাদের বলেছি অন্তত নির্বাচনের বছরে আপনারা নিষ্ঠার সঙ্গে আমাদের দেওয়া নির্দেশগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।”
চিকিৎসক সংকট নিয়ে ডিসিরা কথা বলেছেন জানিয়ে নাসিম বলেন, “তারা জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক নিয়ে মানুষ অত্যন্ত আগ্রহী, কমিউনিটি ক্লিনিকের সার্ভিসে মানুষ অত্যন্ত সন্তুষ্ট।”
