২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বদলি-পদোন্নতিতে প্রতিবেদন: সাড়া পায়নি ডিসিদের প্রস্তাব

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি-পদোন্নতিতে বিভিন্ন সংস্থার প্রতিবেদন নেওয়ার বাধ্যবাধকতা শিথিল করতে জেলা প্রশাসকরা প্রস্তাব তুললেও তাতে সরকারের সাড়া মেলেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, যার যে কাজ সে তা করে যাবে।

পদোন্নতি-বদলিতে অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্ত করা নিয়ে আপত্তি জানিয়ে কয়েকজন জেলা প্রশাসক বিষয়টি ডিসি সম্মেলনে আলোচনার জন্য লিখিত প্রস্তাব পাঠিয়েছিলেন।

অধিবেশন শেষে ওই প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে সচিব ফয়েজ বলেন, “এটা নিয়ে আলোচনার সুযোগ নেই। যার যেটা ম্যান্ডেট সেটা নিয়ে কাজ করবে।

“আমি কী কাজ করব, সেটা আরেকজন বলতে পারব না। সরকার যদি আমাকে কোনো কাজে অ্যাসাইন করে সেটা সরকারই ভালো বোঝে, যার যেটা ম্যান্ডেট সে সেটা করবে।”

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এ কার্য-অধিবেশনে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বা প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন না।

ডিসিরা আর কী কী দাবি জানিয়েছেন- এ প্রশ্নে সচিব বলেন, তারা স্বেচ্ছাধীন তহবিলে বরাদ্দ বৃদ্ধি চেয়েছেন; অলরেডি সরকার সেই বরাদ্দ বাড়িয়েছে।

“তারা দুর্গম ভাতার কথা বলেছেন। দুর্গম ভাতার বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে অনেক আগেই অনুরোধ করেছি। কিছু কিছু জায়গায় তাদের কষ্ট হয়, কয়েকটি জায়গায় নৌযান চেয়েছেন। এ বিষয়ে সরকার অলরেডি ব্যবস্থা গ্রহণ করেছে।”

গাড়ি মেরামতে আর্থিক ক্ষমতা বাড়াতে ডিসিরা প্রস্তাব করেছেন জানিয়ে ফয়েজ আহম্মদ বলেন, তারা আগেই এ ব্যাপারে অনুরোধ করেছেন।

“কোনো কোনো জায়গায় সার্কিট হাউজ কম থাকার কথা কেউ কেউ বলেছেন, আমরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। তাদের প্রস্তাবের অনেকগুলো ইতোমধ্যে স্ব-উদ্যোগে অ্যাড্রেস করা হয়েছে, ম্যাসেজটি হয়ত ওই পর্যন্ত পৌঁছেনি।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিটি শাখাকে জেলা প্রশাসকের কার্যালয়ের অর্গানোগ্রামে অন্তর্ভুক্ত করার কাজ চলমান থাকা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গাড়ির তেলের সিলিং বৃদ্ধি করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর কথা অধিবেশনে জানানো হয়েছে।

এছাড়া কুষ্টিয়া জেলায় নতুন একটি সার্কিট হাউজ নির্মাণে দ্রুত উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।