গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান
পোশাক কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ’।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি আদায়ে সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহাতাব উদ্দিন সহিদ বলেন, গত ১৬ জুলাই নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিক প্রতিনিধি ছয় হাজার ৩৬০ টাকা এবং শ্রমিক প্রতিনিধি ১২ হাজার ২০ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন, এতে পরিষদ ‘হতবাক ও বিস্মিত’ হয়েছে।
“কিসের ভিত্তিতে ও যুক্তিতে মালিক পক্ষ এমন অন্তঃসার শূন্য প্রস্তাব পেশ করল তা আমাদের কাছে বোধগম্য নয়।”
অন্যদিকে শ্রমিক অধিকার রক্ষায় রাজপথে থাকা অধিকাংশ জোট ও সংগঠন ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানালেও শ্রমিক প্রতিনিধি ১২ হাজার টাকার প্রস্তাব করে দেশের শ্রমিকদের সাথে ‘প্রতারণা’ করেছেন বলে মন্তব্য করেন মাহাতাব।
তিনি বলেন, পোশাক মালিকদের একতরফা বক্তব্য শুনে কোনো সিদ্ধান্তে আসা প্রধানমন্ত্রীর উচিৎ হবে না।
“১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী হিসেবে ৪০ লাখ পোশাক শ্রমিকের জীবন জীবিকার প্রশ্নে শোভন একটি মজুরি জাতীয় নির্বাচনের বছরে ঘোষণা করবেন বলে শ্রমিকরা আশাবাদী।”
মানববন্ধনে থাকা শ্রমিক সংগঠনের নেতারা অবিলম্বে ১৬ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়ে বলেন, এ শিল্পে কোনো রকম অসন্তোষ দেখা দিলে সেজন্য মালিকপক্ষই দায়ী থাকবে।
অন্যদের মধ্যে পরিষদের নেতা আমিরুল হক আমিন, মো. তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন ও এম. দেলোয়ার হোসেন মানববন্ধনে বক্তব্য দেন।
এছাড়া বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।
