আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, জেলা প্রশাসকদের আমু
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের চতুর্থ কার্য-অধিবেশন শেষে সাংবাদিকেদের প্রশ্নে মন্ত্রী এ কথা বলেন।
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন আমু।
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয়ে আমু বলেন, “আইনশৃঙ্খলা বিষয়ে তারা দৃষ্টি দিচ্ছেন। যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণাধীন রয়েছে, সেভাবে যেন নিয়ন্ত্রণে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিল- জিরো টলারেন্স অ্যাবাউট মাদক, এই ব্যাপারে যেন তারা সতর্ক থাকে।”
বৈঠকে জেলা প্রশাসকরা সারের গুদামের স্বল্পতার কথা বলেছেন জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, “শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ…দুই একটি জায়গায় সারের গুদামের বিষয়ে উল্লেখ করেছেন সেগুলো আমি দেখব। চিনিকলগুলো যেন সারা বছর চালু থাকে, সুগার এনে রিফাইন করার পরিকল্পনা নিচ্ছি ইত্যাদি।”
সার বিতরণ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমু বলেন, “সার বিতরণ নিয়ে কথা বলার কোনো অবকাশ নেই। সার অত্যন্ত সুষ্ঠুভাবে বিতরণ হয়ে আসছে।”
শিল্প মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য-অধিবেশন হয়।
