২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি নয়: হাই কোর্ট

ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর অভিযোগের প্রেক্ষাপটে সিলেটে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারসহ হয়রানি না করার নির্দেশ এসেছে হাই কোর্ট থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 08:49 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্য পুলিশের মহাপরিদর্শক, সিলেট মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ না করে সিলেট সিটি করপোরেশন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি নেতা, কর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারণাকারীদের বৈষম্যমূলক গ্রেপ্তার ও হয়রানি কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

স্বরাষ্ট্র সচিব, নির্বাচন কমিশন, পুলিশের মহাপরিদর্শক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও পুলিশের সুপারসহ সাত বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

Image
গ্রেপ্তারের প্রতিবাদে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থানে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

গ্রেপ্তারের প্রতিবাদে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থানে সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

গত কিছু দিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সালেহ আহমেদ খসরু সোমবার রিট আবেদনটি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল পূরবী রানী শর্মা ও পূরবী সাহা।

আদেশের পর আবদুল হালিম কাফি সাংবাদিকদের বলেন, “শান্তিপূর্ণভাবে সিলেট সিটি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য গ্রেপ্তার বিষয়ে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে সিটি করপোরেশন এলাকায় বিএনপির কোনো নেতা, সমর্থক ও নির্বাচন প্রচারকারীকে গ্রপ্তার ও হয়রানি না করতে পুলিশ প্রধানসহ তিনজনকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।”

সিলেটে বিএনপির প্রার্থী বিদায়ী মেয়র আরিফুল সম্প্রতি বলেছিলেন, “পুলিশ সিলেটের রাজনৈতিক সম্প্রীতি নষ্ট করছে। কোনো মামলা-ওয়ারেন্ট ছাড়াই আমার কর্মীদের ধরপাকড় করছে।”

গত ২১ জুলাই ধানের শীষের প্রচারকালে আটক দুই কর্মীর মুক্তির দাবিতে সিলেট মহানগর উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আড়াই ঘণ্টা অবস্থান কর্মসূচিও পালন করেন তিনি।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের দাবি, ভোটের পরিবেশ নষ্ট করতে এই অভিযোগ করছেন বিএনপি প্রার্থী। 

পুরনো খবর:

পুলিশি হয়রানির অভিযোগ আরিফুলের
সিলেটে ২ কর্মী আটক, পুলিশ কার্যালয়ে আরিফের অবস্থান