রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, “সাক্ষাতে প্রতিনিধি দল বিএসএমএমইউর শিক্ষা, চিকিৎসা সেবা, প্রশিক্ষণ, গবেষণা, অবকাঠামোসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
তিনি জানান, ২০০১ থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত প্রায় ১৮০০ গবেষণা কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে। এছাড়া গবেষণার বরাদ্দ দ্বিগুণ করে ২০১৭-১৮ অর্থবছরে ১০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
অটিজমের শিকার শিশুদের চিকিৎসা ও প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম স্থাপন করা হয়েছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
এসময় রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিকল্প নেই। সরকারি-বেসরকারি খাতে প্রতিষ্ঠিত বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীরা যাতে চিকিৎসাবিদ্যায় দক্ষতার সাথে শিক্ষা শেষ করতে পারে সে ব্যাপারে তত্ত্বাবধান জোরদার করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
