‘ভাঙা সংসারে শিশুর মানসিক বিকাশ ঘটে না’
স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানকে সঙ্গে রাখার অধিকার নিয়ে এক মামলার শুনানিতে শিশুর স্বাভাবিক মানসিক বিকাশে মা-বাবার একসঙ্গে থাকার উপর জোর দিয়েছে আদালত।
হাই কোর্ট বলেছে, ভাঙা সংসারে শিশুর শারীরিক বিকাশ ঘটলেও মানসিক বিকাশ ঘটে না।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ মঙ্গলবার শুনানিতে এই মন্তব্য করে ওই বাবা-মাকে বোঝাপড়ার জন্য ৫ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে।
এই বাবা হলেন নওগাঁর সদর উপজেলার বাংগাবাড়িয়া গ্রামের মো. সাজ্জাদুর রহমান; মা একই উপজেলার কুসুমদি গ্রামের তৌহিদা আক্তার।
২০০৮ সালের ২৭ জুন বিয়ের পর এই দম্পতির সংসারে একটি মেয়ে আসে। কিন্তু দাম্পত্য কলহে গত বছরের ১৮ ডিসেম্বর স্বামী তার স্ত্রীকে তালাকের নোটিস পাঠান এবং পরে তাদের বিচ্ছেদ ঘটে।
তখন থেকেই শিশুটি তার মায়ের কাছেই ছিল। শিশুটিকে ‘বেআইনিভাবে আটকে রাখা হয়েছে’ দাবি করে সন্তানকে নিজের হেফাজতে নিতে হাই কোর্টে রিট আবেদন করেন সাজ্জাদ।
ওই আবেদনের শুনানি নিয়ে চলতি বছরের ৩০ মে হাই কোর্ট রুল জারি করে শিশুটিকে ২৭ জুন আদালতে হাজির করতে সংশ্লিষ্ট পুলিশ ও শিশুর মাকে নির্দেশ দেয়।
সে নির্দেশ অনুযায়ী নওগাঁ সদর থানার পুলিশ শিশুটিকে আদালতে হাজির করে। ওইদিন আদালতে শিশুটির বাবা ও মা হাজির হন।
ওইদিন শিশুটিকে আপাতত মায়ের হেফাজতে রাখার নির্দেশ দিয়ে হাই কোর্ট বলে, বাবা সপ্তাহে কমপক্ষে একদিন সন্তানকে দেখতে পারবেন।
এই সময়ের মধ্যে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব নিরসন করা যায় কি না, সে বিষয়ে উভয় পক্ষকে প্রচেষ্টা চালাতে বলে মঙ্গলবার আদেশের জন্য রেখেছিল।
সুপ্রিম কোর্ট
২৭ অগাস্ট হাই কোর্ট মা-বাবাকে উদ্দেশ করে বলেছিল, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শিশু দেখে সন্তানের প্রতি প্রকৃত স্নেহ হয় না। একদিন প্যান্ট-শার্ট পরে পকেটে চিপস নিয়ে গিয়ে বাচ্চা দেখা হয় না। শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন পারিবারিক পরিবেশ।
মঙ্গলবার আদালত শিশুটির মা ও বাবার বক্তব্য শোনে।
শিশুটির মায়ের পক্ষে শুনানিতে থাকা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী অমিত দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৭ জুনের আদেশ অনুযায়ী বাবা দুইবার শিশুটির সাথে দেখা করেছে। বাবা-মেয়ের মধ্যে সম্পর্কও গাঢ় হয়ছে। বাবা জানিয়েছে, শিশুটির ভরণ-পোষনের জন্য ৫ হাজার টাকা করে দিতে সে প্রস্তুত।
“এরপর আদালত বাবা-মায়ের পারস্পরিক বোঝাপড়ার জন্য আরও সময় দিয়ে ৫ অগাস্ট আদেশের জন্য রেখেছে।”
তিনি বলেন, “বিচ্ছেদের পর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দুটি মামলা করেছিলেন। এ বিষয়ে আদালত বলেছেন, মামলা করে সংসার করা যায় না। শিশুটির বাবা বলেছে, শিশুটির মা তার শাশুড়ির সঙ্গে থাকতে চায় না। এ কথা শুনে আদালত বলেছেন, শাশুড়ি হচ্ছে মায়ের মতো, তাকে নিয়েই তো সংসার করতে হয়।”
আদালতে শিশুটির বাবার পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
