মাছের খাবার উৎপাদনে ‘সতর্ক দৃষ্টি’ রাখার আহ্বান রাষ্ট্রপতির
ভেজালমুক্ত মাছের খাবার উৎপাদনে ‘সতর্ক দৃষ্টি’ রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
জাতীয় মৎস সপ্তাহ-২০১৮ উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন পরে সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি বলেন, মৎস চাষ কর্মসংস্থানের একটি বড় খাত। এ খাতের ক্রমবিকাশ অব্যাহত রাখতে এবং মাছের রপ্তানি অব্যাহত রাখতে ভেজালমুক্ত মৎস খাদ্য উৎপাদনে সতর্ক দৃষ্টি রাখতে হবে।”
এছাড়া রাষ্ট্রপতি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের সংরক্ষণে মৎস অধিদপ্তরকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, জনগণের আমিষের চাহিদা মেটাতে মাছের গুরুত্ব অত্যধিক। বাংলাদেশ নিম্নাঞ্চল ও হাওর-বাওর অঞ্চলে দেশীয় বিভিন্ন মাছের জাত ক্রমে অবলুপ্ত হয়ে যাচ্ছে।
বাংলাদেশের জেলে সম্প্রদায় উন্মুক্ত জলাশয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে উল্লেখ করে রাষ্ট্রপতি সেখানে যাতে মাছের সরবরাহ বাড়ে সেজন্য পোনা ছাড়া ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।
পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের দিঘীতে রুই, কাতলা, মৃগেল পাবদা, চিতল, গুলশার ৪ হাজার ১০০টি পোনা অবমুক্ত করেন।
মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দসহ সংশ্লষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
