২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষপূর্তিতে গ্যালারি কায়ায় চিত্রকলা প্রদর্শনী

শিল্পকলা একাডেমি ও ধানমণ্ডিকেন্দ্রিক গ্যালারি থেকে চিত্রকলার চর্চাকে ঢাকার উত্তরে ছড়িয়ে দিতে ১৪ বছর আগে যাত্রা শুরু করেছিল গ্যালারি কায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 05:16 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

সময়ের সঙ্গে শিল্পপ্রেমী ও শিল্প বোদ্ধাদের অন্যতম ‘প্রিয়’ গন্তব্য হয়ে ওঠা এই গ্যালারিটি শুক্রবার ১৫ বছরে পা রাখবে।

এই উপলক্ষে বাংলাদেশ ও ভারতের আধুনিক ও সমসাময়িক ৩৬ জন শিল্পীর ৬৫টি শিল্পকর্ম নিয়ে বর্ষপূর্তির দিন থেকেই ‘ফোরটিনথ অ্যানিভারসারি এক্সিবিশন’  শিরোনামে চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া ।

গ্যালারি কায়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,  প্রদর্শনীতে শিল্পী হাশেম খান, হামিদুজ্জামান খান, আবদুস শাকুর শাহ, আহমেদ শামসুদ্দোহা, অজিত শীল, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, গৌতম চক্রবর্তী, জামাল আহমেদ, মনিরুল ইসলাম, নাজলী নায়লা মনসুর, সমরজিৎ রায় চৌধুরী,চন্দ্রশেখর দে, অতীন বসাক, অতুল দোদিয়া, শম্ভু আচার্য, রতন মজুমদারের ছবি ঠাঁই পাবে এবারের প্রদর্শনীতে।  

এছাড়াও প্রদর্শনীতে উপমহাদেশের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেন, বাংলাদেশের প্রয়াত শিল্পী নিতুন কুন্ডু, বিজন চৌধুরী, দেবদাস চক্রবর্তী, হামিদুর রহমানের এঁকে যাওয়া নানা ছবিও ঠাঁই পাবে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে।

গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ৬৫টি শিল্পকর্মের মধ্যে অয়েল, এক্রেলিক, চারকোল, ইনক, পেন, ইন্ডিজেনিয়াস পিগমেন্ট, এচিং অ্যান্ড অ্যাকুয়াটিন্ট, লিথোগ্রাফ, অফসেট লিথোগ্রাফ, সেরিগ্রাফ, চায়না কোল, রিলিফ প্রসেস, উড কাট, ওয়াটার কালার ও মিক্সড মিডিয়ায় আঁকা ছবি রয়েছে।

এই ছবিগুলো ১৯৫৩ সাল থেকে ২০১৮ সাল সময়কালে আঁকা হয়েছে বলে জানান গৌতম।

এই প্রদর্শনীটি প্রতি দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। চলবে ১২ অগাস্ট পর্যন্ত।

‘ফোরটিনথ অ্যানিভারসারি এক্সিবিশন’- এর স্পন্সর এডিএন গ্রুপ। অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন,  “এত দূরত্বে গ্যালারি! যানজট ঠেলে শিল্প বোদ্ধা, সংগ্রাহকদের ভিড় কেমন হবে, এ নিয়ে সন্দেহ ছিল। কিন্তু প্রথম থেকে এই গ্যালারিতে আমরা শিল্পীদের অভূতপর্ব সাড়া পেয়েছি। ১৪ বছরের যাত্রাপথে আমরা সুচিন্তিতভাবে প্রতিটি প্রদর্শনী সাজিয়েছি। গ্যালারি কায়া ক্রমেই শিল্পপ্রেমীদের অন্যতম প্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। দূরত্ব কোনো ব্যাপার হয়নি।”

তিনি জানান, সম্প্রতি রাজধানীর রায়েরবাজারে গ্যালারি কায়া একটি ছাপচিত্র স্টুডিও খুলেছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে বেশ কিছু দিন সময় লাগবে বলে জানান গৌতম।

গৌতম আরও জানান, আগামী বছর নভেম্বর মাস অবধি গ্যালারি কায়া যেসব প্রদর্শনী করবে, তার ‘নকশা’ও তৈরি

২০০৩ সালে যাত্রা শুরু করে গ্যালারি কায়া। ‘উদ্বোধন’ শিরোনামের প্রথম প্রদর্শনীতে শাহাবুদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরীর মতো শিল্পীরা অংশ নিয়েছিলেন। প্রদর্শনীতে ৫০ জন শিল্পীর ৫০টি চিত্রকর্ম ঠাঁই পেয়েছিল।