২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসিতে পাসের হার কমলেও প্রশ্নফাঁস ঠেকায় স্বস্তিতে নাহিদ

উচ্চ মাধ্যমিকে চলতি বছর পাসের হারের সঙ্গে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমলেও প্রশ্নফাঁসের অভিযোগ এবার না ওঠায় স্বস্তির শ্বাস ফেলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2018, 06:38 PM

Updated : 19 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করে তিনি বলেন, “এইবার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের ক্রটির বিষয়ে কোনো প্রশ্ন কেউ কোথাও উত্থাপন করেননি। এইবারের পরীক্ষা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ কারো ছিল না, কেউ করেনি।”

উচ্চ মাধ্যমিকে এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৭২৬ জন। অর্থাৎ, পাসের হার আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা- দুটোই এবার কমেছে।

তারপরও প্রশ্নফাঁসের সমালোচনা থেকে মুক্তি পাওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “সবার সহযোগিতায় ভালোমত পরীক্ষা নিতে পারছি, সবাইকে ধন্যবাদ। কোনো রকমের প্রশ্ন কেউ উত্থাপন করেন নাই, এমনকি গুজবও কেউ রটাতে পারেননি।”

গত কয়েক বছরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা মহামরির চেহারা পাওয়ায় ঘরে বাইরে সমালোচনা সইতে হচ্ছিল শিক্ষামন্ত্রীকে। প্রশ্নফাঁসের জন্য কিছু শিক্ষককে দায়ী করে বেশ কয়েকবার অসহায়ত্বও প্রকাশ করেন তিনি। 

সবশেষ গত এসএসসি ও সমমানের পরীক্ষার বেশিরভাগ প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে সরকার।

প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সিটে বসা, আধঘণ্টা আগে প্রশ্নের প্যাকেট খোলাসহ বেশ কিছু কড়াকড়ি আরোপ করে শিক্ষা মন্ত্রণালয়।

এর ধারাবাহিকতায় গত ২ এপ্রিল থেকে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় প্রশ্ন ফাঁসের কোনো ধরনের অভিযোগ ছাড়াই।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষার্থী ঝরে পড়ার হার দিন দিন কমছে। কারিগরি শিক্ষায় বিরাট পরিবর্তন এসেছে। …সঠিকভাবে খাতা মূল্যায়ণ করা হচ্ছে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত আছে।”

পাসের হার কমে যাওয়া নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, “যা বাস্তব, যা সত্য আমরা তাই করেছি। কেউ কেউ বলতেন, আমরা নম্বর বাড়িয়ে দিতে বলি। আমরা বাড়িয়ে দিতে বলি না, কমিয়েও দিতে বলি না। আমরা সব পরীক্ষকদের বাধ্য করছি উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করতে।”

কোনো বোর্ডে ভালো অবার কোনো বোর্ডে খারাপ ফলের বিষয়ে নাহিদ বলেন, বোর্ডগুলো নিজেরা বিশ্লেষণ করে দেখবে, প্রয়োজনে হলে মন্ত্রণালয়ও দেখবে। ক্রটিগুলো খুঁজে বের করে সমাধান করা হবে।

“আমাদের তো সবাইকে পাস করাতে হবে। একটা সময় আসুক যেন সবাই পাস করে যায়। কিন্তু সেই অবস্থাটা আমাদের দেশে এখনও হয় নাই।

“আগে একট সময় ছিল যখন ৪৯-৫০ পারসেন্টও পাস করেছে। যখন বেশি পাস করেছে সবাই বিস্মিত হয়েছেন, আমরা প্রশ্নবিদ্ধ হয়েছি, বেশি পাস নাকি করিয়ে দিচ্ছি। বেশি পাস করলেও আমাদের অপরাধ, কম পাস করলেও আমাদের অপরাধ।”

বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্দেশনা দিলেও কবে থেকে তা কার্যকর হবে সে বিষয়ে ধারণা দিতে পারেননি শিক্ষামন্ত্রী।

এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “তাদের (বিশ্ববিদ্যালয়ের উপাচার্য) নিয়ে বৈঠক করে আমরা প্রায় কাছাকাছি আসছিলাম, তারপরে একটা সময়ে এসে আমরা আর খুব একটা এগোতে পারব সেই আশা রাখি নাই।

“পরে মাহামান্য রাষ্ট্রপতি নিজেও বলেছেন, উদ্যোগও নেওয়া হয়েছে, অনেকগুলো বৈঠক হয়েছে। ইউজিসি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটি কমিটি করা হয়েছে, কমিটি কাজ করছে।”

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দিকে না গিয়ে ইতোমধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সংগঠন ‘বিশ্ববিদ্যালয় পরিষদ’।

ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে- এমন আশা প্রকাশ করে নাহিদ বলেন, “এ বছর হয়ত পারবেন না।”

অন্যদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

উচ্চ মাধ্যমিকে পাসের হার কমে ৬৬.৬৪%