২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলনকারীদের নেতা ফারুকের জামিন নাকচ

কোটা সংস্কার আন্দোলনকারীদের অন্যতম নেতা ফারুক হাসানের জামিন আবেদন নাকচ করেছে আদালত; ফলে রিমান্ড শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীকে কারাগারে থাকতে হচ্ছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 04:50 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

আন্দোলনকারী ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক ফারুক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী, থাকেন সলিমুল্লাহ মুসলিম হলে। তার বাড়ি ঠাকুরগাঁও জেলায়।

গত ২ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের কর্মসূচিতে হামলার পর ফারুককে ধরে শাহবাগ থানায় দিয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান।

Image
ফারুক হাসান

ফারুক হাসান

এরপর তার খোঁজ না পেয়ে স্বজনদের উদ্বেগ প্রকাশের মধ্যে পরদিন গত ৯ এপ্রিল পুলিশ জানায়, আন্দোলনের মধ্যে গত ৮ এপ্রিল ঢাবি উপাচার্যের বাড়িতে হামলার মামলায় ফারুককে গ্রেপ্তার করেছেন তারা।

গ্রেপ্তার ফারুককে এরপর হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর রোববার ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফারুককে কারাগারে রাখার আবেদন করেন।

অন্য দিকে ফারুকের পক্ষে জামিনের আবেদন হলে তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

উপাচার্যের বাসভবনে হামলা-ভাংচুরের ঘটনায় ঘটনার পরদিন ৯ এপ্রিল মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

তাদের মুক্তি দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলেও হামলা হয়েছে।

পুরনো খবর:

কোটা আন্দোলনের আরেক নেতা ফারুকও গ্রেপ্তার