২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: মুক্তাগাছার নয় আসামির বিচার শুরু

একাত্তরের গণহত্যা, হত্যা, ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার নয় আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 04:28 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে দেয়।

আগামী ১১ সেপ্টেম্বর প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্যে দিয়ে এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে যাবে বলে আইনজীবীরা জানান।

অভিযুক্ত নয় আসামি হলেন- মো. আব্দুস সালাম (৭৫), সুরুজ আলী ফকির (৬২), মো. জয়েন উদ্দিন ফারুকী (৬০), মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসি (৬৭), মো. জালাল উদ্দিন (৫৯), শমসের ফকির (৬৬), মো. রোস্তম আলী (৭০), ফজলুল হক (৫৯) ও সামসুল হক (৭০)।

তাদের মধ্যে ফজলুল হক ও সামসুল হক পলাতক। বাকি সাতজনের উপস্থিতিতেই আদালত অভিযোগ গঠন করে। 

প্রসিকিউটর আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিরা মুক্তিযুদ্ধের সময় তিনটি গণহত্যা, চারটি হত্যা, একটি ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও জাতিগত নির্মূলের মত মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে এ মামলায় অভিযোগ আনা হয়েছে।”

আদালতে আসামি মো. জালাল উদ্দিন, শমসের ফকির ও মো. রোস্তম আলীর পক্ষে আইনজীবী ছিলেন আব্দুস সোবহান তরফদার।

আর আসামি সুরুজ আলী ফকির, মো. জয়েন উদ্দিন ফারুকী, মো. আব্দুর রহিম ওরফে নুরু বিএসসির পক্ষে আইনজীবী ছিলেন গাজী এমএইচ তামিম। পলাতক দুই আসামির পক্ষে তিনিই রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আছেন।

২০১৬ সালের ১৭ মে ওই নয় আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তা মো. রুহুল আমিন।

গত বছরের ১৯ জুন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং তা আমলে নিয়েই রোববার অভিযোগ গঠন করল ট্রাইব্যুনাল।

জব্দ তালিকার তিন সাক্ষীসহ এ মামলায় মোট ৫৫ জনকে প্রসিকিউশনের পক্ষে সাক্ষী করা হয়েছে।