২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ নাগরিকদের ৫ বছরের ভিসা দেবে ভারত

পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 03:52 PM

Updated : 19 Aug 2022, 02:20 PM

রোববার সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকর পর এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান।

 বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী এবং ভারতের পক্ষে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি বিরাজ রাজ শর্মা ‘সংশোধিত ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট ২০১৮’ তে সই করেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, “ভারতের ভিসা সহজীকরণের জন্য আজকে একটি চুক্তি হয়েছে। যারা নাকি বয়স্ক, যাদের বয়স ৬৫ বছর এবং এর ঊর্ধ্বে, তারা ভিসা চাইলে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। আমাদের বয়স্ক সিটিজেনসরা যারা এটা চান, তারা এই ভিসাটি দেবেন।”

মুক্তিযোদ্ধারাও ভারতীয় ভিসার ক্ষেত্রে এই সুবিধা পাবে বলে জানান মন্ত্রী।

ভারতে পর্যটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকদের অবস্থান শীর্ষে। গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে প্রতিবেশী দেশটিতে গিয়েছিলেন।

নানা অভিযোগের প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারত। বাংলাদেশে এখন ভারতের ১২টি ভিসা সেন্টার রয়েছে, বিশ্বের আর কোনো দেশে এতটি নেই।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠকে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। 

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “আমাদের সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যে কোনো সমস্যার সাধারণ আমরা আলোচনার মাধ্যমেই করব।”

পুরনো খবর:

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
ভারতের বৃহত্তম ভিসা সেন্টার চালু হল বাংলাদেশে