২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের অবস্থান

চাকরি স্থায়ী করার দাবিতে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণির কর্মচারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2018, 12:08 PM

Updated : 11 Oct 2022, 12:30 PM

ব্যাংকটির দুই শতাধিক অস্থায়ী কর্মী রোববার সকাল সোয়া ১০টার দিকে মিরপুর ২ নম্বর এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন। 

গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদ বলছে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা অফিসে তিন হাজারের বেশি ‘পিয়ন কাম গার্ড’ রয়েছে, যাদের নিয়োগ দেওয়া হয় দৈনিক মজুরির ভিত্তিতে। নয় মাস চাকরি করলে ওই পদে স্থায়ী নিয়োগের কথা নিয়োগ বিধিতে থাকলেও তাদের ক্ষেত্রে তা মানা হচ্ছে না।

ফলে দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে চাকরি করেও চাকরি স্থায়ী না হওয়ায় তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে আন্দোলনকারীদের অভিযোগ।

অবস্থান ধর্মঘটে যোগ দেওয়া গ্রমীণ ব্যাংকের ফটিকছড়ি কাঞ্চননগর শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী মো. ইউনুস বলেন, “আমাদের চাকরি স্থায়ী করার দাবি দীর্ঘ দিনের। ২২ বছর আগে আমাদের দৈনিক ভিত্তিতে নিয়োগ দেওয়ার পর বার বার আশ্বাস দিয়েও স্থায়ী করছে না। তারা আমাদের দাস বানিয়ে রেখেছে।”

চাকরি স্থায়ী করার পাশাপাশি শ্রম আইন অনুযায়ী প্রাপ্য সব অধিকার নিশ্চিত করার দাবি যতদিন না পূরণ হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ইউনুস।

বরিশালের উজিরপুর শাখার কর্মচারী মোহা. বিল্লাল হোসেন বলেন, “তিন মাস আগে আমাদের পরিষদের সঙ্গে পরিচালনা বোর্ডের বৈঠকের সময়ও চাকরি স্থায়ী করার আশ্বাস দেওয়া হয়েছিল। এরপর গত ৮ জুলাই গ্রামীণ ব্যাংকের মহা ব্যবস্থাপক (প্রশাসন) একটি চিঠি পাঠিয়ে উল্টো দৈনিক বেতন ২৫ টাকা কমিয়ে ৩৭৫ টাকায় নামিয়ে এনেছে।”

বিল্লাল বলেন, গ্রামীণ ব্যাংকে তিনি চাকরি করেন তের বছর ধরে। বোনাস দেওয়া হয় না বলে পরিবারকে ঈদের সময়ও কিছু কিনে দিতে পারেন না।

“আমাদের বেতন থেকে ৩৫ শতাংশ কেটে রেখে প্রতি দশ বছরে তিন লাখ টাকা দেওয়ার কথা থাকলেও এখন দেওয়া হচ্ছে মাত্র এক লাখ টাকা।”

আন্দোলনকারীদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে গ্রামীণ ব্যাংকের মহা ব্যবস্থাপক কাসেম মোহাম্মদ মোকতাদির রহমান বলেন, “কাজ করলে বেতন পাবে, না করলে পাবে না- এমন শর্তে ১৯৯২ বা ৯৩ সালে ৩০ টাকা বেতনে তাদের চাকরি শুরু হয়। আজকে তারা চাকরি স্থায়ী করার আবদার নিয়ে এসেছে। কিন্তু চাকরি স্থায়ী করার ক্ষমতা ম্যানেজমেন্টের নেই। এর জন্য বোর্ডের অনুমোদন লাগবে।”

আর এখন যেহেতু গ্রামীণ ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড নেই, সেহেতু আন্দোলনকারীদের দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, “আমরা তাদের বলছিলাম যে বোর্ড গঠন হলে সভায় ওই সমস্যাটা আমরা তুলে ধরব। এখন তারা ওই সময় পর্য়ন্ত অপেক্ষা করতে চাইছে না। তারা এখনই ঘোষণা চায়। কিন্তু এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।”

এদিকে সকালে কর্মসূচির শুরুতেই গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী পরিষদের আহ্বায়ক মো. আজিজুল হক বাবুলসহ তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা আন্দোলন করলে ব্যাংকের ভেতরে গিয়ে করবে। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি ও চলাচলে বিঘ্ন ঘটানো যাবে না। রাস্তায় বিশৃঙ্খলা করায় তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে।”