কোনো কিছু নিয়ে ‘আত্মশ্লাঘা নেই’ হায়াৎ মামুদের
অধ্যাপনা ও লেখালেখিতে অনেকের প্রিয় মানুষ হয়ে উঠলেও অধ্যাপক হায়াৎ মামুদ বলেছেন, কোনো কিছু নিয়েই অহমিকা নেই তার, বাকি জীবনটা সততার সঙ্গে কাটিয়ে যেতে চান তিনি।
লেখকের ঊনাশিতম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তাকে নিয়ে লেখা একটি সংকলন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান পুঁথিনিলয়।
সেখানে হায়াৎ মামুদ বলেন, “আমার এতটুকু আত্মশ্লাঘা নেই। লেখক হিসেবে যখন শুনি, আমার কোনো লেখা কারও পছন্দ হয়নি তখন দুঃখবোধ হয়, কিন্তু কখনও রুষ্ট হইনি। তখন ভাবি, দুর্বলতার কারণে, লেখনীর কারণে পাঠকের ভালো লাগেনি।
শেষে তিনি বলেন, “আমি আমৃত্যু সত্যনিষ্ঠ হয়ে বাঁচতে চাই। সকলে সে দোয়া করবেন।”
এর আগে শৈশবের দস্যিপনার কথা শোনান এই অধ্যাপক। হুগলির খাজুরদাহো গ্রামের দস্যি ছেলে কী করে কেবল সাহিত্য পাঠেই মনোনিবেশ করেছিলেন সেই বিবরণও তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে প্রিয় শিক্ষকদের অবদানের কথা শ্রদ্ধাচিত্তে স্মরণ করেন তিনি।
নিজের শিক্ষকতা জীবন নিয়ে বলতে গিয়ে হায়াৎ মামুদ বলেন, “মাস্টার হিসেবে আমি যেটা করেছি তা হল আমি ছাত্রছাত্রীদের পথ দেখিয়ে গেছি। আমি আর কিছু করিনি।”
১৯৩৯ সালের ২ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের হুগলীতে জন্ম নেওয়া হায়াৎ মামুদ বাংলা একাডেমিতে চাকরির পর অধ্যাপনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কবিতা, অনুবাদ সাহিত্য, প্রবন্ধ, শিশুসাহিত্য সবক্ষেত্রেই তার বিচরণ রয়েছে।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গত শতকের ৬০-এর দশকে তার লেখা ‘মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা’ দারুণ সাড়া জাগিয়েছিল।
শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ‘বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার’ এবং বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে ‘একুশে পদক’ পান হায়াৎ মামুদ।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজমুদার, জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, সম্মাননা গ্রন্থের সম্পাদক প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও পুঁথিনিলয়ের শ্যামল পাল।
পরে ‘শব্দের কারিগর’ শিরোনামে সম্মাননা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যখন পড়াতে শুরু করেন, তার সেই প্রথম ব্যাচের ছাত্র ছিলেন হায়াৎ মামুদ, যার আসল নাম মনিরুজ্জামান।
শিক্ষক-ছাত্রের সেই সম্পর্ক পরে গড়িয়েছে বন্ধুত্বে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়াতে গিয়ে যে সময় কাটিয়েছিলেন তারা, সেই স্মৃতি চারণ করেন অধ্যাপক আনিসুজ্জামান।
ছাত্র-সহকর্মী প্রসঙ্গে পরে তিনি বলেন, “তার গুণগ্রাহিতা শুধু সাহিত্য ক্ষেত্রের জন্য নয়, সংস্কৃতির সব ক্ষেত্রেই রয়েছে। তার সমাজভাবনা, রাজনীতি ভাবনা, বিশ্বভাবনার কথা যখন বলি, তখন তার মতো লোক খুব বেশি দেখি না।”
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর স্মরণ করেন হায়াৎ মামুদের গেন্ডারিয়ার বাড়ির আড্ডামুখর দিনগুলোর কথা।
পুরান ঢাকার যে কজন অধিবাসী এখনও ‘পাড়া সংস্কৃতি’ টিকিয়ে রেখেছেন, তদের মধ্যে হায়াৎ মামুদ অন্যতম বলে মন্তব্য করেন নূর।
তিনি বলেন, “অসাধারণ মানবতাবাদী ও সৃজনশীল মানুষটি আমাদের অনুসরণীয়। তিনি একজন বিবেকবান ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ।”
রামেন্দু মজুমদারের চোখে হায়াৎ মামুদ একজন ‘মহর্ষি’।
“আমি তাকে বরাবরই মহর্ষি বলে সম্বোধন করি। সত্যিই তো একজন মহর্ষির মতো জীবনযাপন করে চলেছেন তিনি। কোনো বিষয়ে তার কোনো উদ্বেগ নেই। নিজের কাজ তিনি আপন মনে করে যাচ্ছেন। কঠিন কথা তিনি বড় সহজ করে লিখে যান। এগুলো কেবল তাদের দ্বারাই সম্ভব।”
স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৮৭ সালে জাতীয় কবিতা পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন বাংলার অধ্যাপক হায়াৎ মামুদ।
তার সেই ভূমিকা স্মরণ করে তারিক সুজাত বলেন, “স্যারের সামাজিক ও সাংস্কৃতিক দায়িত্ববোধের প্রমাণ তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমরা পাই।”
দেশভাগের পর ভারতের পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় চলে আসতে হয়, সেই দেশভাগের প্রেক্ষাপটে নিজের লেখা কবিতা ‘ছিন্ন ডানার মানুষ পাখি’ কবিতা পাঠ করেন তারিক সুজাত।
আলোচনা পর্বের ফাঁকে আবৃত্তি করেন হাসান আরিফ, নায়লা তারান্নুম কাকলী। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা, দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
