২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ বছর বাড়ল বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ আইনের মেয়াদ

বিদ্যুৎ-জ্বালানির দ্রুত সরবরাহ আইনের মেয়াদ আরও তিন বছর বাড়াতে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 08:28 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

বুধবার সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বিদ্যুৎ ও জ্বালানীর দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০১৮’ পাসের প্রস্তাব করেন। পরে সেটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ৪ জুলাই বিলটি সংসদে তুলেছিলেন প্রতিমন্ত্রী। তখন বিলটি তিন দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

২০১০ সালে প্রনীত এই আইনে এর আগে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছিল। সর্বশেষ ২০১৫ সালে আইনটি সংশোধন করা হয়েছিল। ওই সংশোধনী অনুযায়ি ২০১৮ সালের ১১ অক্টোবর এই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এবার আরও তিন বছর বাড়িয়ে ২০২১ সাল পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে।

এই আইনের আওতায় দেশে ‘কুইক রেন্টাল’ বিদ্যুৎকেন্দ্রগুলোর অনুমোদন দেওয়া হয়েছিল; তবে তার সমালোচনাও রয়েছে। 

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর দেশে বিদ্যুতের বড় ধরনের ঘাটতি মেটাতে ২০১০ সালে এই আইন করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে।

এর আওতায় সরকার স্বল্পসময়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে, ওয়েবসাইটে প্রচার চালিয়ে বা ই-মেইলে যোগাযোগ করে ‘আলোচনা ও দর কষাকষির মাধ্যমে’ বিদ্যুৎ বা জ্বালানি প্রকল্পের জন্য চুক্তির সুযোগ রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সরকারের ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের স্বার্থে লক্ষ্যমাত্রা অনুযায়ি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে আইনের মেয়াদ বাড়ানোর প্রয়োজন।”