২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ফ্লাইট ১৪ জুলাই থেকে, ১২ হাজার টিকেট অবিক্রিত

এ বছর ১৪ জুলাই শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। তবে এখনও ১২ হাজার টিকেট রয়েছে অবিক্রিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2018, 11:30 PM

Updated : 19 Aug 2022, 02:18 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুসারে এবছর ভিসার আগেই সব এজেন্সিকে নিজ নিজ যাত্রীদের টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়। 

“২৫ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত বিভিন্ন হজ ফ্লাইটের টিকিট এখনও নেয়নি কিছু এজেন্সি। ফলে প্রায় ১২ হাজার ৫০০ টিকেট এখনও অবিক্রিত রয়েছে।”

এবছর সৌদি আরব সরকার নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত কোনো হজ ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে না বলেও জানান তিনি। 

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে পারবেন।

হজ গমনেচ্ছুদের জন্য সাউদিয়া এয়ারলাইন্স থেকে ৪৬ হাজার ৭৫৫টি এবং বাংলাদেশ বিমান থেকে ৫১ হাজারের বেশি টিকিট ইস্যু করা হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছে।

বাংলাদেশ বিমান ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ জন এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে।

আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন করবেন। ১৪ জুলাই শুরু হয়ে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে হজ ফ্লাইট।

২৭ অগাস্ট হজের ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর তা শেষ হবে।