খালেদার রিভিউ আবেদনে আদেশ ১২ জুলাই
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার বিরুদ্ধে করা আপিল ৩১ জুলাইয়ের মধ্যে হাই কোর্টে নিষ্পত্তি করার নির্দেশ পুনর্বিবেচনা করতে খালেদা জিয়ার রিভিউ আবেদনে আদেশ হবে আগামী ১২ জুলাই।
প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার বিএনপি চেয়ারপারসনের আবেদনের শুনানি শেষে আদেশের এ দিন ধার্য করে।
এদিকে এ মামলায় হাই কোর্টে খালেদা জিয়ার আপিলের শুনানি তৃতীয় দফা পিছিয়ে বৃহস্পতিবার শুনানির জন্য রেখেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ।
আদালত বলেছে, কোনো পক্ষ থাকুক আর নাই থাকুক, ওইদিন শুনানি শুরু করা হবে।
এছাড়া খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনেও একই দিন আদেশ দেবে হাই কোর্টের এই বেঞ্চ।
আপিল বিভাগ গত ১৬ মে এক আদেশে ৩১ জুলাইয়ের মধ্যে হাই কোর্টে খালেদা জিয়ার আপিলের বিচার সম্পন্ন করার নির্দেশ দেয়।
এই আদেশে পুনর্বিবেচনার জন্য খালেদার করা রিভিউ আবেদনের উপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে সোমবার সকালে শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল শুনানি ‘বিলম্বিত করতেই’ এই রিভিউ আবেদন করা হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, সংবিধান ও আইন অনুযায়ী হাই কোর্টকে সময় বেঁধে দেওয়া ‘ন্যায়বিচার পরিপন্থি’।
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের করা আপিল এবং খালেদা জিয়ার সাজা বাড়াতে দুদকের করা আবেদনের উপর সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল।
কিন্তু বেলা আড়াইটায় খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী সময়ের আবেদন করে বলেন, আপিল বিভাগে রিভিউ আবেদনের উপর আদেশ হবে ১২ জুলাই। এ পর্যন্ত শুনানি করা ঠিক হবে না।
তিনি বলেন, “আমরা আপিল শুনানির বিপক্ষে নই। আপিলের পূর্ণাঙ্গ শুনানি শেষে যা হবার তাই হবে। ৩১ জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া সময় যদি ঠিক থাকে তাহলে এক গতিতে শুনানি করতে হবে। আর যদি এই বাধা না থাকে, তাহলে আরেক গতিতে শুনানি করতে হবে। তাই আপিল বিভাগের আদেশ পর্যন্ত সময় দেওয়া হোক।”
এই আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগে রিভিউ আবেদন করা হলেও কোনো স্থগিতাদেশ নেই। আপিলের শুনানি শুরু করতে তাদেরও আপত্তি নেই।
এই মামলায় পেপারবুক অনেক বড় বলে দ্রুত শুনানির তাগিদ দেন তিনি।
এসময় ১০ বছরের সাজাপ্রাপ্ত শরফুদ্দিন আহমেদের আইনজীবী আহসান উল্লাহ বলেন, খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ রয়েছে। এই আদেশ অন্য আপিলকারীর ক্ষেতে প্রযোজ্য কিনা তা স্পষ্ট হওয়া দরকার।
“কারণ, ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হলে আমাদের হাতে সময় থাকছে না। একারণে দ্রুত প্রস্তুতি নিয়ে শুনানি করতে হবে। আর তা যদি না হয় তবে আমাদের হাতে সময় থাকছে।”
এ আইনজীবীর বক্তব্যে বিচারক বলে, “যেহেতু সব আপিলগুলোই একসঙ্গে শুনানি করতে বলা হয়েছে তাই সবার ক্ষেত্রেই একই আদেশ বলে মনে করি।”
তখন এ আহসান উল্লাহ বলেন, “তাহলে তো আমাদের হাতে সময় কম। আমরা সময় পাচ্ছি না। তাই আমরা শুনানি শুরু করতে চাই।”
এসময় বিচারক বলে, “গত সপ্তাহে যদি শুনানি শুরু করতে পারতাম তাহলে আমরা ফাইভ-জি গতিতে শুনানি করতে পারতাম। কিন্তু তা না হওয়ায় এখন হয়ত এইট জি গতিতে শুনতে হবে।”
আসামি শরফুদ্দিন আহমেদের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করে এ জে মোহাম্মদ আলী বলেন, পুরো মামলা একসঙ্গে শুনানি করাই যথাযথ হবে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা তখন বলেন, “একজন শুনানি করতে চাইলে অন্যজন তাতে বাধা দিতে পারে না। এটা করার অধিকারতো কারো নেই। তাই শুনানি শুরু করা হোক।”
এরপর খালেদা জিয়ার জামিন বাড়ানোর আরজি জানান এ জে মোহাম্মদ আলী।
তিনি বলেন, “হাই কোর্ট জামিন দেওয়ার পর তা স্থগিত করে দিল আপিল বিভাগ। এরপর আবার জামিন বহাল রাখা হল। কিন্তু আদেশে স্বাক্ষর করতে সময় নিলেন এক মাস। ফলে জামিন নিয়েও লাভ হল না। জামিনের বিষয়টি ক্রমশ দূরে সরে যাচ্ছে। জামিন আদেশ হাতে রয়েছে। সেটা দেখছিও। কিন্তু সেটা আবার নেই।
“আপিল বিভাগের কারণেই এটা শেষ হয়ে গেল। এটা যেন মরীচিকার মতো। এই দেখছি, আবার নেই। তাই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানাচ্ছি।”
জবাবে আদালত বৃহস্পতিবার আদেশ দেওয়া হবে বলে জানায়।
