সরকারি কর্মচারীদের কল্যাণ সুবিধা বাড়াতে সংসদে বিল
সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের কল্যাণ সুবিধা বাড়াতে এ সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ‘বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন।
২০০৪ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য বিলটি আনা হয়েছে।
বিদ্যমান আইনে বলা হয়েছে, ‘চাকরিরত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে এই আইন ও বিধিমালার বিধান সাপেক্ষে তার পরিবারকে বীমা বাবদ সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ প্রাপ্ত মাসিক মূল বেতনের হারে চব্বিশ মাসের বেতনের সমপরিমাণ অর্থ বা অনূর্ধ্ব ১ লাখ টাকা দেওয়া হবে’।
প্রস্তাবিত আইনে এই বিধানের সংশোধন করে বলা হয়েছে, সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত হারে টাকা দেওয়া হবে।
বিদ্যমান আইনে কল্যাণ বোর্ডে সরকারি কর্মচারীদের চাঁদা নির্ধারিত ছিলে। সেখানে বলা ছিল, মাসিক চাঁদা হিসেবে প্রত্যেক কর্মচারীকে তার বেতনের শতকরা একভাগ অথবা পঞ্চাশ টাকা, এর মধ্যে যা সর্বনিম্ন, বেতন থেকে কেটে কর্মচারী কল্যাণ তহবিলে জমা করতে হবে৷
প্রস্তাবিত আইনে এই ধারাও সংশোধন করা হয়েছে। এখানেও সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত হারে চাঁদা দেওয়ার বিধান রাখা হয়েছে।
