২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েজ আর্নার্স বোর্ড বিল পাস

বিদেশে বাংলাদেশি কর্মীদের মানসম্পন্ন সেবা দেওয়া, তাদের আস্থা অর্জন, মৃত কর্মীদের লাশ আনা, ব্যয় নির্বাহ এবং এ সংক্রান্ত কাজে জবাবদিহিতা নিশ্চিতে নতুন আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2018, 09:33 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

সোমবার এ সংক্রান্ত ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিল-২০১৮’ সংসদে পাসের প্রস্তাব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপনের পর পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

Image
জাতীয় সংসদের ফাইল ছবি

জাতীয় সংসদের ফাইল ছবি

বিলে নারী অভিবাসীদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।

আগে ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল বিধিমালা-২০০২ দ্বারা পরিচালিত হত। সেটিকে এখন আইনের আওতায় আনার জন্য বিলটি পাস করা হয়েছে।  

বিলে বলা হয়েছে, বোর্ডে ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ থাকবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে পর্ষদের সভাপতি হবেন।

বিলে নারী অভিবাসীদের জন্য একটি বিশেষ বিধান রাখা হয়েছে। বিদেশে কর্মরত কোনো নারী অভিবাসী কর্মী নির্যাতনের শিকার, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোনো কারণে বিপদগ্রস্ত হলে তাকে উদ্ধার ও দেশে আনা, আইনগত ও চিকিৎসা সহায়তা দেওয়া, ক্ষতিপূরণ আদায়ে দেশে-বিদেশে হেল্প ডেস্ক ও সেফ হোম পরিচালনা করবে বোর্ড।

দেশে প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বোর্ডের কাজ।

পাস হওয়া বিল অনুযায়ী বোর্ড প্রবাসীদের মৃতদেহ দেশে আনা, দাফন-কাফন, প্রবাসীদের পরিবারকে সহায়তা দেওয়ার কাজ করবে।

নতুন এই আইন কার্যকর হলে পরিচালনা পর্ষদকে দুই মাসে একবার সভা করতে হবে। পর্ষদের ১৬ জনের মধ্যে নয়জনের উপস্থিতিতে কোরাম হবে।