মিয়ানমারের সঙ্গে করা চুক্তি ‘গোপন করছে’ জাতিসংঘ
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক জাতিসংঘের সংস্থাগুলো গোপন করছে বলে জানিয়েছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়াংহি লি।
বাংলাদেশ সফর শেষে রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট জাতিসংঘ সংস্থাগুলোর মধ্যে বিষয়টি গোপন রাখা হয়েছে, যা নিয়ে তিনি উদ্বিগ্ন।
রাখাইনে এখনও নৃশংসতা চলায় রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা ‘একেবারেই সময়োচিত’ নয় বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরিতে সহায়তার লক্ষ্যে গত মাসে দেশটির সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারকে সই করে জাতিসংঘ উন্নয়ন সংস্থা-ইউএনডিপি ও শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
লি বলেন, সমঝোতা স্মারক সইয়ের খবর পেয়ে তার একটি অনুলিপি চেয়ে তিনি জেনেভায় মিয়ানমারের স্থায়ী মিশনের মাধ্যমে দেশটির সরকারকে অনুরোধ করেছিলেন।
“তারা আমাকে কোনো অনুলিপি দেয়নি। বদলে একটি জাতিসংঘ সংস্থার তৈরি করা সারমর্ম তারা আমাকে দিয়েছে। গত তিন সপ্তাহ ধরে আমি ব্যক্তিগতভাবে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুরোধ করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েও সমঝোতা স্মারকের অনুলিপি আমাকে দেননি।”
সম্প্রতি বাংলাদেশে এসে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন ইয়াংহি লি। জাতিসংঘের বিশেষ দূতরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। কোনো সরকার বা সংস্থা থেকে স্বাধীন থেকে স্বতন্ত্রভাবে কাজ করেন তারা।
গত বছর অগাস্টে রাখাইনে সহিংসতা শুরুর পর মিয়ানমারে লির প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার।
‘মধ্যস্থতা করছে’ চীন
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো বলেছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই এখন ‘সবচেয়ে জরুরি’ বিষয় বলে মনে করছে তার দেশ।
তিনি জানিয়েছেন, সম্প্রতি বেইজিংয়ে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমার মতৈক্যে পৌঁছেছে যে, তিন ধাপে রাখাইনের পরিবেশ উন্নয়নে তাদের চেষ্টা করা উচিত। ধাপগুলো হল- সহিংসতা বন্ধ, যত দ্রুত সম্ভব প্রত্যাবাসন শুরু এবং সেখানে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জুনের শেষ সপ্তাহে বেইজিংয়ে ছিলেন।
সেখানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হয়। আবার দুজনের সঙ্গেই বসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
