ত্রিদেশীয় টি-২০: ইংল্যান্ড যাচ্ছে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল
‘২০১৮ ফিজিক্যাল ডিজ্যাবিলিটি ট্রাই-সিরিজ’ শীর্ষক ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে শুক্রবার ইংল্যান্ড যাচ্ছে ১৬ সদস্যের বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল।
ইংলিশ ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ৮ জুলাই থেকে এই সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ইংল্যান্ডের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল অংশ নেবে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-র সহায়তায় গঠিত বিসিবির এই দলটি আগামী রোববার ০৮ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে।
স্পিনার দ্রুপম পত্রনবিশ দলটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন। দলে ম্যানেজার হিসেবে আছেন মাসুদ হাসান এবং কোচ হিসেবে আছেন রাশেদ ইকবাল।
আইসিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে দৃশ্যমান বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিকে এ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা তাদের ক্রিকেটীয় দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে, ফলে সমাজের মূলধারায় অন্তর্ভুক্তকরণ তাদের জন্য সহজ হবে।
আইসিআরসি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন প্রকল্পের অংশ হিসেবে তাদের সমাজে অন্তর্ভুক্তি সুগম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ক্রিকেটের সঙ্গে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সম্পৃক্ত হলে প্রতিবন্ধকতার সঙ্গে যে চিরায়ত কুসংস্কার ও বৈষম্য জড়িয়ে আছে তা কমবে বলে মনে করে সংস্থাটি।
“পাশাপাশি তাদের প্রতি সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে এবং তাদের দক্ষতা ও সক্ষমতা বেশি গুরুত্ব পাবে,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
১৬-সদস্যের বিসিবি শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল
দ্রুপম পত্রনবিশ (অধিনায়ক), মো. জাভেদ ভূইয়া, মো. ইমরান, মো. আলম খান, মো. কাজল হোসেন, মো. মনিরুজ্জামান (সহ-অধিনায়ক), এস এম শাহরিয়া শামীম, ফয়সাল খান আকবর হোসেন, মো. মনির হোসেন, মো. রাসেল সিকদার, মো, রিয়াদুল ইসলাম, মাহফুজুর রহমান, ভবেন দাস, মো. শাওন সিকদার ও শরিফুল ইসলাম।
বাংলাদেশে প্রতিবন্ধী ক্রিকেটের যাত্রা শুরু হয় ২০১৩ সালে। ওই বছর রেডক্রস পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে কাজ করা সিআরপিকে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলেটেশন অফ দ্য প্যারালাইজড) একটি ক্রিকেট দল গড়তে সহায়তা দেয়। একই বছর প্রতিবন্ধীদের নিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে রেডক্রস।
এছাড়া সিআরপির প্রতিবন্ধী ক্রিকেট দল ওই বছরের ১৭ থেকে ২০ মার্চ ভারতের ডিজ্যাবলড স্পোর্টিং সোসাইটি (ডিএসএস) দলের বিরুদ্ধে তিন দিনের একটি টুর্নামেন্টে অংশ নেয়।
২০১৪ সালে সিআরপির পাশাপাশি বাংলাদেশ ফিজিকালি চ্যালেঞ্জড ডিজ্যাবলড অ্যাসোসিয়েশন ও ফিজিকালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) প্রতিবন্ধীদের মধ্যে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার কাজ শুরু করে। পরে এর সঙ্গে সম্পৃক্ত হয় বিকেএসপি, প্যারা অলিম্পিকস, স্পেশাল অলিম্পিকস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ব্রিটিশ হাই কমিশন ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পরের বছর মার্চে রেডক্রসের সহযোগিতায় প্রথমবারের মতো ‘ট্যালেন্ট হান্ট ক্যাম্প’ হয়। ২০১৫ সালে ঢাকায় বসে প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টের আসর, যাতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ইংল্যান্ড, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান অংশ নেয়।
২০১৬ সালে দুবাইয়ে আরেকটি টুর্নামেন্টের আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেখানেও বাংলাদেশ দলকে সহযোগিতা দেয় আইসিআরসি। ওই টুর্নামেন্টের আগে দ্বিতীয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি হয়। এরপর গত বছর তৃতীয় ‘প্রতিভা অন্বেষণ’ হয়।
