২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ৬ দেশের দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছে বাংলাদেশে নিযুক্ত ক্রোয়েশিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, নামিবিয়া, নাইজেরিয়া ও জাম্বিয়ার অনাবাসিক দূতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 11:53 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

বৃহস্পতিবার বিকালে ছয় দূত পৃথকভাবে বঙ্গভবনে আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দেন।

দূতরা হলেন, ক্রোয়েশিয়ার পিটার লুবিচিক, ভেনেজুয়েলার আগুস্তো মনতিয়েল, গায়ানার ডেভিড গোল্ডউইন পোলার্ড,  নামিবিয়ার পিউস দুনাইস্কি, নাইজেরিয়ার ক্রিস সানডে এজে, এবং জাম্বিয়ার জুডিথ কাসাশি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্ব দেয়। “

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবসময় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোকে গুরুত্ব দেয়।

রাষ্ট্রপতি আশা করেন দূতরা তাদের কর্মকালে নিজ নিজ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে কাজ করবেন।

বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি ওইসব দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর ওপর গুরুত্ব দেন বলে জানান প্রেস সচিব।

বাংলাদেশে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী ও শিক্ষক রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এই দক্ষ জনবল বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে তাদের চাহিদা মতো সরবরাহ করতে প্রস্তুত আছে।

দূতরা রাষ্ট্রপতিকে বলেন, তাদের কর্মকালে বাংলাদেশের সাথে স্ব স্ব দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কাজ করবে।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন এবং কর্মকালে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

দূতরা রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।

এসময় রাষ্ট্রপতি রোহিঙ্গারা যাতে তাদের যেতে সম্মানের সঙ্গে ফিরতে পারে সে ব্যাপারে রাষ্ট্রপতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

এর আগে দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।