২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে দুই দিনের সাংস্কৃতিক উৎসব

দেশের তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ও বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে আগামী ২০ জুলাই থেকে দুই দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 08:49 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে এ বিষয়ে সভা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে স্থানীয় শিল্পীরা রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, পল্লীগীতি, লালনগীতি, লোকগীতি, আঞ্চলিক গান, জারি-সারি ও মুর্শিদী গান পরিবেশন করবেন।

লোকজ সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এবং ফুটিয়ে তোলে- এমন সাংস্কৃতিক অনুষ্ঠানকে উৎসবে প্রাধান্য দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ওপর নির্মিত তথ্যচিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যচিত্র প্রদর্শন করা হবে। উৎসবের প্রচার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেবে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর।

উৎসবের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী ১৮ জুলাই বেলা ১১টায় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেদিন জেলা তথ্য অফিসের সহযোগিতায় সারা দেশেও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব মসিউর রহমান, অতিরিক্ত সচিব রোকসানা মালেক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন,  গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শাহেনুর মিয়া, জেলা প্রশাসনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।