২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এতিমখানা দুর্নীতি: জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খালেদার

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার জামিনের মেয়াদ বাড়ানোর যে আবেদন করেছেন, তার শুনানি রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 06:54 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

খালেদা জিয়াসহ এ মামলায় দণ্ডিত দুই আসামির আপিল এবং দুদকের সাজা বৃদ্ধির আবেদনের শুনানির সঙ্গেই সেদিন জামিন বাড়ানোর শুনানি হবে।

খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চে জামিন বৃদ্ধির আবেদনটি উপস্থাপন করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন মওদুদ আহমেদ, জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।

এদিকে সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ পুনর্বিবেচনার জন্য খালেদার আইনজীবীরা যে আবেদন করেছিলেন, সেটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী সোমবার শুনানির জন্য রেখেছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

চেম্বার আদালতে বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। খালেদার অন্য আইনজীবীরাও এসময় উপস্থিত ছিলেন।

এহসানুর রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট বেগম জিয়াকে চার মাসের জামিন দিয়েছিল। সে হিসেবে আগামী ১২ জুলাই চার মাসের জামিনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে বুধবার আবেদন করা হলে আজ আদালতে বিষয়টি মেনশন করা হয়।

“আদালত বলেছে, যেহেতু রোবাবার এ মামলার আপিল শুনানি শুরু হবে, সেদিন এ আবেদনটিও শুনানির জন্য কার্যতালিকায় আসবে।”

চেম্বার আদালতের আদেশের বিষয়ে এহসান বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির যে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ, তার পুনর্বিবেচনা চেয়ে দুই সপ্তাহ আগে আবেদন করা হয়েছিল। সে আবেদনটি আজ চেম্বার আদালতে শুনানি হয়েছে। চেম্বার আদালত কোনো সিদ্ধান্ত না দিয়ে আগামী সোমবার শুনানির জন্য আপিলের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।”

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত ১২ মার্চ চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট।

রাষ্ট্রপক্ষ ও দুদক এর বিরুদ্ধে লিভ টু আপিল করলেও তা খারিজ করে জামিন বহাল রাখে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে সাজার বিরুদ্ধে হাই কোর্টে খালেদা জিয়ার আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির আদেশ দেয়।