২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনায় ভাগ হয়ে খেলল সুবিধাবঞ্চিত শিশুরা

সেভ দ্য চিলড্রেন ও মানবিক সংস্থার আয়োজনে ঢাকার রায়েরবাজার মাঠে ফুটবল খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক সুবিধাবঞ্চিত শিশুরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 06:01 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

চলমান রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি না হলেও ঢাকার রায়েরবাজার বস্তি এলাকায় বসবাসকারী এই দুই দলের সমর্থক শিশুরা প্রিয় দলের জার্সি গায়ে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক ঘণ্টার ম্যাচ ২-২ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ১-০ গোলে ব্রাজিল হারিয়ে দেয় আর্জেন্টিনাকে।

মবিন নামের এক খুদে সমর্থক বলেন, “আর্জেন্টিনা হেরে যাওয়ায় আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু প্রিয় দলের জার্সি পরে খেলতে পেরে অনেক ভালো লাগছে। আমরা খুব কমই খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ পাই। দর্শকদের উপস্থিতিতে বন্ধুদের সাথে মাঠে খেলার আনন্দই অন্যরকম।”

সুবিধাবঞ্চিত শিশুদের উৎসাহ দিতে মাঠে এসেছিলেন অভিনেতা ইরেশ যাকের, ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত, সাংবাদিক মুন্নি সাহা, কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, সাবেক ফুটবলার সাইদুল বাড়ি টিটু, কোচ মারুফুল হক।

ইরেশ যাকের বলেন, “সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও জাতিকে অনেক কিছু দিতে পারবে। প্রতিটি শিশুরই একটি আনন্দময় শৈশবের অধিকার রয়েছে। আর্জেন্টিনার বুয়েন্স আইরিস থেকে যেভাবে অনেক ফুটবল তারকার জন্ম হয়েছে, ঢাকার বস্তিবাসী শিশুরাও তেমনি সুযোগ পেলে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।”

মাঠে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের ‘শিশুদের জন্য’ প্রোগ্রামের পরিচালক হোসনে আরা খন্দকার, প্রোগ্রাম ডেভেলপমেন্ট ও কোয়ালিটির পরিচালক রিফাত বিন সাত্তার এবং মানবিক সাহায্য সংস্থার পক্ষ থেকে সপ্না রেজা।