২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তায় হিজড়াদের উৎপাত বন্ধে ব্যবস্থা নেওয়া হবে: তোফায়েল

রাস্তাঘাটে হিজড়াদের ‘উৎপাত’ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 05:32 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদের সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের পক্ষে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।

তোফায়েল বলেন, হিজড়ারা যাতে রাস্তাঘাটে জোর করে অর্থ আদায় বা কারো বাসাবাড়িতে গিয়ে উৎপাত না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।

এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী রোজী রাজধানীর রাস্তাঘাট ও বাসাবাড়িতে হিজড়াদের ‍উৎপাতের কথা উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, হিজড়াদের পুনর্বাসন জন্য সরকার ব্যবস্থা নিয়েছে। তবে অনেকে পুনর্বাসন সেন্টারে এসে কিছুদিন পর আবার চলে যায়। এজন্য কাউন্সিলিং করা দরকার।

সরকারি দলের আনোয়ারুল আবেদিন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৭-১৮ অর্থ বছরে বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের ৫‘শ টাকা হারে ৭৫৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে। চলতি অর্থ বছরে এই কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

সংরক্ষিত আসনের ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, দেশে মোট গ্যাস মজুদের পরিমাণ ৩৯ দশমিক ৯ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুদের পরিমাণ ২৭ দশমিক ৭৬ ট্রিলিয়ন ঘনফুট। ১৯৬০ সাল থেকে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত ক্রমপুঞ্জিত গ্যাস উত্তোলনের পরিমাণ প্রায় ১৫ দশমিক ২২ ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে (জানুয়ারি ২০১৮) উত্তোলনযোগ্য নিট মজুদের পরিমাণ ১২ দশমিক ৫৪ ট্রিলিয়ন ঘনফুট।

সরকারি দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে বৃহৎ ও মাঝারি শিল্পখাতে ১৮ দশমিক ৩১ শতাংশ ও ক্ষুদ্র শিল্পে ১৪ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ সময়ে বিসিকের মাধ্যমে ৪২টি নতুন শিল্প প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়েছে।

এর আগে বিকেল স্পিকার  শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।