২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ফাহমিদুলকে লাঞ্ছনার প্রতিবাদ সাদা দলের

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে অধ্যাপক ফাহমিদুল হককে পুলিশ লাঞ্ছিত করায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 10:33 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের এই ফোরাম বুধবার এক বিবৃতিতে বলেছে, “ফাহমিদুল হক যেভাবে লাঞ্ছিত হয়েছেন, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। জাতীয় দৈনিকের পাতাজুড়ে প্রকাশিত লাঞ্ছনার ছবি দেখে আমরা স্তম্ভিত, বাকরুদ্ধ ও ক্ষুব্ধ।”

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার ঘটনায় মঙ্গলবার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন ফাহমিদুল হকরা।

'উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিকবৃন্দ' ব্যানারে ওই কর্মসূচি থেকে পুলিশ ব্লগার বাকী বিল্লাহকে আটক করতে গেলে ফাহমিদুল হকরা প্রতিবাদ জানান। তখন পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, “আইনের পোশাক পরিহিতদের কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং নিন্দনীয়।

“যারা এ কাজটি করেছেন, তারাও কোনো না কোনো শিক্ষকের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের কোমরের বেল্ট খামছে ধরে টানাহেঁচড়া করার চিত্র তাদের বিবেককে কি একবারও নাড়া দেয় না?”

অধ্যাপক ফাহমিদুল হকের সঙ্গে অশোভন আচরণকারী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকরা।

ছাত্রলীগ নেতা-কর্মীদের শাস্তি দাবি প্রগতিশীল জোটের

কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাম ছাত্র সংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট।

পাশাপাশি মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহকে আটক এবং দুই অধ্যাপককে হেনস্তার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে তারা।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

জোটের আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, "গত ৩০ জুন থেকে ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলা-আক্রমণ চলছে। একই সঙ্গে পুলিশের হয়রানি, গ্রেপ্তার ও ৫৪ ধারায় তুলে নিয়ে যাওয়ারও ঘটনা ঘটেছে। এই রকম চরম দমনমূলক পরিস্থিতিতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।

“ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে লাটিসোঁটা, রড, চাপাতি দিয়ে শিক্ষার্থীদের ওপর শারীরিক আক্রমণ-নিপীড়ন মারপিট করে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে চলেছে। তারা মত প্রকাশের সাংবিধানিক স্বাধীনতার ওপর আক্রমণ করে আইনত শাস্তিযোগ্য অপরাধ করে চলেছে।”

সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে আগামী ৮ জুলাই সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ ও শিক্ষার গণতান্ত্রিক পরিবেশের দাবিতে বেলা ১২টায় কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি ও সারাদেশের বিশ্ববিদ্যালয়-কলেজের উপাচার্য-অধ্যক্ষকে স্মারকলিপি, ১২ জুলাই মশাল মিছিল, ১৫ জুলাই প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নাঈমা খালেদ মনিকা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর, ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান প্রমুখ।