জনসম্পৃক্ততা রেখে নিরাপত্তা দিন, পিজিআরকে রাষ্ট্রপতি
জনসম্পৃক্ততা অব্যাহত রেখে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “পিজিআর এর মূল দায়িত্ব হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করা। এটি একদিকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি তা স্পর্শকাতর।
“আজকে যারা জনপ্রতিনিধি তাদের সাথে রয়েছে সাধারণ জনগণের নিবিড় সম্পর্ক। তাই দায়িত্ব পালনকালে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। মনে রাখতে হবে, জনগণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, বরং জনসম্পৃক্ততা অব্যাহত রেখে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই হবে আপনাদের কৃতিত্ব।”
পিজিআরকে ‘চেইন-অব-কমান্ড’ এর প্রতি আস্থা ও শ্রদ্ধাশীল থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর প্রতিষ্ঠা করেন। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রবর্তনের পর রাষ্ট্রপতির পাশাপাশি সরকার প্রধানের নিরাপত্তার দায়িত্ব এই রেজিমেন্টের ওপর।
ঢাকা সেনানিবাসে পিজিআর সদরদপ্তরে অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ অতীত থেকে শিক্ষা নিতে বাহিনীটির সদস্যদের প্রতি আহ্বান জানান
বিশ্বব্যাপী জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, “বৈশ্বিক নানা কারণে বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। সন্ত্রাস এখন আর কোনো একক দেশের সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত বিকাশের সাথে সাথে বিশ্বজুড়ে সন্ত্রাস ও অপরাধের ধরনও পাল্টাচ্ছে।
“এই পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আপনাদেরও যুগোপযোগী প্রশিক্ষণ গ্রহণসহ তথ্যপ্রযুক্তি ও কৌশলগত উৎকর্ষ অর্জন করতে হবে। নিরাপত্তার ধরন হবে সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র।”
পরে রাষ্ট্রপতি কেক কাটেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং পিজিআর সদস্যদের সঙ্গে ছবি তোলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
