২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক ফাহমিদুলকে পুলিশের লাঞ্ছনার প্রতিবাদ ক্যাম্পাসে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. ফাহমিদুল হককে পুলিশের লাঞ্ছনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 05:07 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সংহতি জানান।

বিভাগটি ছাত্র ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি মীর আরশাদুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক ড. গীতি আরা নাসরীন। বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার এসময় উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শতবর্ষের পথে এগিয়ে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের লড়াই সংগ্রামের স্মরণে যে সকল স্থাপনা তৈরি হয়েছে সেখানেও শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে গেলে হামলার শিকার হন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার দাবি জানিয়ে তিনি বলেন, “কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাদের তুলে নেওয়া হয়েছে, এখন তারা কোথায়?

“বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর অভিভাবক এসে যাতে আমাদেরকে বলতে না পারে যে তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না; এধরনের কথা যাতে আর শুনতে না হয়।”

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে ঘণ্টাখানেকের জন্য আটক ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ব্লগার বাকী বিল্লাহ।

সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, বিশ্ববিদ্যালয়টির সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হক অনেকে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে তারা সমাবেশ করতে গেলে বাকী বিল্লাহকে আটক করে পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তোলার পর রেহনুমা আহমেদ ও ফাহমিদুল হকও ভ্যানে উঠে পড়েছিলেন। এসময় ফাহমিদুল হককে নিয়ে টানাহেঁচড়া করে পুলিশ।

পুলিশ তাদের রেখে শুধু বাকি বিল্লাহকে আটক করে নিয়ে যায়; তাকে রমনা থানায় নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এই ঘটনার প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধনে সাবেক ছাত্র মাসুদ আল মাহাদী বলেন, “শিক্ষকরাও নির্যাতন, নিপীড়নের শিকার। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি লাইক দেওয়া যায় না। অর্থাৎ মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই। ... আমরা এখন ফ্যাসিবাদী সরকারের অধীনে বাস করছি।"

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী  ও স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী আনিস ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী এসময় বক্তব্য দেন।

সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জুয়েল মিয়া, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক সায়মা আহমেদ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক তৈয়েবুর রহমান ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুনাসির কামাল মানববন্ধনে সংহতি জানান।

সহকর্মীদের অনুরোধে অধ্যাপক ড. ফাহমিদুল হক মানববন্ধনে উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি। 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে সেখানেই শেষ হয়।