২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ দিন ধরে ‘নিখোঁজ’ সন্তানের সন্ধান চান বাবা-মা

রাজধানীর মোহাম্মদপুর থেকে ২১ দিন আগে নিখোঁজ হওয়া এক যুবকের সন্ধান চেয়েছে তার পরিবার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2018, 02:35 PM

Updated : 08 Apr 2022, 06:38 PM

নিখোঁজ ইসমাইল হোসেন মানিক (৩০) পারিবারিক পরিবহন ব্যবসা দেখাশোনা করতেন।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছেলের সন্ধানে প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তার বাবা-মা।

লিখিত বক্তব্যে ইসমাইলের বাবা মজনু মোল্লা বলেন, ১৪ জুন রাত ১১টার দিকে মোহাম্মদপুর কাঁটাসূর চার নম্বর গলির একটি চটপটির দোকানের সামনে থেকে তার একমাত্র ছেলে মানিককে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

“গাড়িতে র‌্যাবের স্টিকার ছিল আর সদস্যরা সাদা পোশাকে ছিল। মানিককে ধরে নেওয়ার সময় এলাকায় র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত টিপু ও সাদ্দাম সঙ্গে ছিল।”

তিনি বলেন, মানিককে ধরে নেওয়ার সময় খবর পেয়ে তার মেয়ে সাদিয়া ইসলাম প্রিয়া সেখানে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের র‌্যাব বলে পরিচয় দেয়।

“ওই রাতে র‌্যাব-২ অফিসে যোগাযোগ করা হলে র‌্যাব মানিককে ধরে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে।”

কান্নাজড়িত কণ্ঠে মানিকের মা ইয়াসমিন বেগম সাংবাদিকদের বলেন, তিন মেয়ে এক সন্তানের মধ্যে মানিক সবার বড় ছিল।

ছেলেকে ফিরে পেতে তিনি প্রধানমমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের সহযোগিতা চান।

এবিষয়ে র‌্যাব-২ এর অধিনায়ক মো. আনোয়ারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব সাদা মাইক্রোবাসে কখনও অভিযান চালায় না।

“মানিকের স্বজনদের বলেছি মানিকের ছবি ও মাইক্রোবাসের নম্বর দিতে। কিন্তু তারা আর আমাদের কাছে আসেননি।”

মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকের বিরুদ্ধে থানায় দুটি অস্ত্র মামলা রয়েছে; মানিক একজন চিহ্নিত সন্ত্রাসী ছিল।

“মানিকের বাবা একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ তাকে খুঁজে পেতে চেষ্টা করছে।”