এমপিওভুক্তি খারাপ কার্যক্রম: মুহিত
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকে ‘খারাপ কার্যক্রম’ মনে করলেও চলতি বাজেটেও এখাতে বরাদ্দ রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নতুন এমপিওভুক্তির দাবিতে ঢাকায় শিক্ষকদের অনশন চালিয়ে যাওয়ার মধ্যে মঙ্গলবার সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নে এনিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
ক্ষমতাসীনদের জোট শরিক দল তরীকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারী অর্থমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, বর্তমান অর্থবছরে এমপিওভুক্তির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কি না?
জবাব দিতে উঠে অর্থমন্ত্রী প্রথমেই বলেন, “এমপিওভুক্তির জন্য এ অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে।”
এরপর তিনি বলেন, “তবে এখানে আমি একটি কথা বলতে চাই। এমপিওভুক্তি একটি খারাপ কার্যক্রম, আমরা গ্রহণ করেছিলাম এবং চালিয়ে যাচ্ছি।
“এতে শুধু কিছু শিক্ষক ও কর্মচারীর বেতন দেওয়া হচ্ছে। শিক্ষার উন্নয়নের জন্য এটা কোনো ভালো কার্যক্রম নয়। উপবৃত্তিতে অর্থ দেওয়া যায়, সেটা অনেক ভালো কাজ করে।
“শিক্ষার উন্নয়নের জন্য যদি আমরা স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করতে পারি অনেক ভালো হবে। কেন আপনারা (সংসদ সদস্য) সেগুলোর দিকে নজর দেন না? বারবার এমপিওভুক্তি করতে চেষ্টা করেন।”
২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কয়েকটি শর্ত দিয়ে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে আলাদা বরাদ্দ রাখা হবে বলে বাজেটের আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শেষ বাজেটে এমপিও নিয়ে কোনো ঘোষণা না থাকায় ফের আন্দোলনে নেমেছেন নন-এমপিও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মূল বেতন সরকার দিয়ে থাকে। নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে সংসদ সদস্যদেরও সুপারিশ থাকে।
সংসদ সদস্যদের উদ্দেশে মুহিত বলেন, “এমপিওভুক্তিতে যথেষ্ট জালিয়াতি ছিল। আমাদের শিক্ষামন্ত্রী অনেক কমাচ্ছেন। কিন্তু এটা খুব ভালো প্রোগ্রাম নয়।
“আমার এই অপিনিয়নটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা এখন নিজেরা চিন্তা করে দেখেন।”
