জিহাদের মৃত্যুর ক্ষতিপূরণ: রেলের ডিজিকে আদালতে তলব
ঢাকার শাহজাহানপুর রেল কলোনিতে পরিত্যক্ত পানির পাম্পে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করায় রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনকে তলব করেছে হাই কোর্ট।
আগামী ১৪ অগাস্ট তাকে হাই কোর্টে হাজির হয়ে আদালতের নির্দেশ না মানার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের করা আদালত অবমাননার আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন মো. আবদুল হালিম। রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুল হক।
২০১৪ সালের ২৬ ডিসেম্বর শাহজাহানপুর রেল কলোনিতে কয়েকশ’ ফুট গভীর একটি খোলা নলকূপের পাইপে পড়ে যায় চার বছরের জিহাদ।
এই পাইপেই পড়ে গিয়েছিল জিহাদ
প্রায় ২৩ ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। পাইপে জিহাদের অস্তিত্বই নেই- এমন সন্দেহ রেখেই উদ্ধার অভিযান স্থগিত করার কয়েক মিনিটের মধ্যে কয়েকজন তরুণের তৎপরতায় তৈরি করা যন্ত্রে পাইপের নিচ থেকে তুলে আনা হয় অচেতন শিশুটিকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, শিশুটি বেঁচে নেই।
ওই ঘটনার দুই দিন পর চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল হালিম জিহাদকে উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করে। তাতে জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আরজি জানানো হয়।
পাইপের নিচ থেকে বের করে আনা হল জিহাদকে
প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট জিহাদের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেয়।
পরে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি ক্ষতিপূরণের পক্ষে রায় দেয় আদালত। ২০১৭ সালের ৯ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাই কোর্টের রায়টি প্রকাশ পায়।
প্রকাশিত রায়ে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করে দিয়ে রেলওয়েকে ১০ লাখ এবং ফায়ার সার্ভিসকে ১০ লাখ টাকা দিতে বলা হয়।
রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করার নির্দেশ ছিল।
এর মধ্যে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে আপিলের চেম্বার আদালতে যায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ।
কিন্তু সে আবেদনে সাড়া না দিয়ে গত বছরের ৭ নভেম্বর চেম্বার আদালত আবেদনটি নিয়মিত আপিল বেঞ্চে পাঠিয়ে দেয়; যেটি এখনও শুনানির অপেক্ষায় আছে।
চার বছরের জিহাদ
চেম্বার আদালতের এ আদেশের ফলে জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাই কোর্টের রায় বহাল আছে দাবি করে আইনজীবী হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার আদালত হাই কোর্টের আদেশটি স্থগিত না করেই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে। ফলে রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে তারা বাধ্য।”
কিন্তু সে সময় অতিক্রান্ত হওয়ার পরও ক্ষতিপূরণ পরিশোধ না করায় বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে রেলওয়ের মহাপরিচালক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও পরিচালককে (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) আইনি নোটিস দেওয়া হয়। নোটিস পাওয়ার ১৪ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে বলা হয়।
“কিন্তু নোটিসের জবাব না পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাই কোর্টে আদালত অবমাননার আবেদন করা হয়। সে অবেদনের শুনানি নিয়ে আদালত গত ১ মার্চ আদালত অবমাননার রুল জারি করে,” বলেন অ্যাডভোকেট হালিম।
তিনি বলেন, “সংশ্লিষ্ট তিনজনকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এরপরও টাকা পরিশোধ না করায় হাই কোর্ট রেলওয়ের ডিজিকে তলব করেছে।”
তিনজনের মধ্যে কেন একজনকে তলব করা হয়েছে- জানতে চাইলে অ্যাডভোকেট হালিম বলেন, “আমি তিন জনের বিরুদ্ধেই আদালত অবমাননার আবেদন করেছি। কিন্তু আদালত শুধু রেলওয়ের মহাপরিচালককে তলব করেছে।”
