২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্ণফুলী নদী রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনার বাস্তবায়ন না করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ আটজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2018, 04:25 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

আদালতের আদেশ বাস্তবায়ন না করায় বিবাদীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

মেয়র ছাড়াও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।

কর্ণফুলী নদীর দুই তীরের অবৈধ স্থাপনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদ ২০১০ সালে জনস্বার্থে হাই কোর্টে একটি রিট করেন।  

সে রিটের শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি অবৈধ স্থাপনার তালিকা করে তা আদালতে দাখিল করতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেয়।

কর্ণফুলী রক্ষায় নদীর তীর দখল করে গড়ে ওঠা স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

ওই আদেশের পর চট্টগ্রামের জেলা প্রশাসক কর্ণফুলী তীরে দুই হাজার ১৮১টি অবৈধ স্থাপনার তালিকা করে প্রতিবেদন দেন হাই কোর্টে।

পরবর্তীতে এসব অবৈধ স্থাপনা অপসারণ ও নদী রক্ষায় ১১ দফা নির্দেশনা দিয়ে ২০১৬ সালের ১৬ অগাস্ট রিটের রায় দেয় আদালত।

রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পাওয়ার পর সাতদিনের মধ্যে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা সরাতে স্থানীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করবেন। বিজ্ঞপ্তি জারির ৯০ দিনের মধ্যে অবৈধ দখলদাররা তাদের স্থাপনা অপসারণ করবেন।

যদি তা না করেন, তাহলে পরবর্তী ৯০ দিনের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসক অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করবেন। এরপর হাই কোর্টে প্রতিবেদন দাখিল করবেন।

আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, “রায়ের অনুলিপি বিবাদীদের কাছে পাঠানো হলেও তারা আজ পর্যন্ত কর্ণফুলী নদীর অবৈধ দখল উচ্ছেদের কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

“তাই বিবাদী আটজনকে গত ২৫ জুন সংগঠনটির পক্ষ থেকে আদালত অবমননার নোটিস পাঠিয়ে সাত দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়।”

কিন্তু নোটিসের জবাব না পেয়ে গত ২ জুলাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হলে আদালত শুনানি নিয়ে রুল জারি করেছে বলে জানান তিনি।

পুরনো খবর:

কর্ণফুলী তীরের স্থাপনা সরাতে ৩ মাস সময় দিয়েছে হাইকোর্ট