২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নূরের উপর হামলার বিচার চেয়ে ঢাবি ইংরেজি বিভাগের কর্মসূচি

কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের উপর হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2018, 10:05 PM

Updated : 19 Aug 2022, 02:15 PM

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে পালিত এই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ে পরমতসহিষ্ণুতার পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনকারী ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র যুগ্ম আহ্বায়ক নূর ইংরেজি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র।

শনিবার পরিষদের সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে হামলা হয় নূরসহ আন্দোলনকারী নেতাদের উপর। হামলায় ছাত্রলীগের নেতা-কর্মীদের দেখা গেছে।

হামলার প্রতিবাদে মানববন্ধনে দাঁড়ানোর সময়ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা চালায় বলে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ।

মানববন্ধনের সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল শাখার ২০-২৫ জন নেতাকর্মীকে অপরাজেয়  বাংলা ভাষ্কর্যের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। 

এর মধ্যেই প্রায় আধা ঘণ্টা মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, “আমরা চাই ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।

“কিছুক্ষণ আগে ছাত্র নামধারী কিছু লোক আমাদের হুমকি-ধমকি দিয়েছে। ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেছে। যেটা মোটেই কাম্য নয়। তারা আমাদের কটূক্তি করেছে, ধমক দিয়েছে, তারা আমাদের বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। এখানে (মানববন্ধনে) উপস্থিত ছাত্রদের মধ্যে যারা হলে থাকে তাদেরও দেখে নেওয়ার হুমকি দিয়েছে।

“আমরা বলতে চাই, আমরা কোনো দলের বা সংগঠনের বিরোধী নই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা চাই ধর্ম ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে সবাই ক্যাম্পাসে নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক।”

ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষকের সঙ্গে শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।