২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষায় রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি যুক্তরাজ্যের আহ্বান

বর্ষাকালীন দুর্যোগ থেকে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকে রক্ষায় সহায়তা বৃদ্ধির জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 08:01 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

শুক্রবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, “বিশ্ব শরণার্থী দিবস ও বর্ষা মৌসুম ঘিরে রোহিঙ্গাদের জন্য এবং তাদের আশ্রয়দাতা দেশের জন্য সহায়তা জোরদার করতে যুক্তরাজ্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে।”

গত বছর অগাস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতার মুখে পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গাকে কক্সবাজারের কয়েকটি শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ক্যাম্পে তাঁবুর নিচে মাটির ঘরের বসতি বৃষ্টিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানির ঝুঁকি তৈরি করতে পারে।

এই মৌসুমে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ঘটে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

রোহিঙ্গা সঙ্কট নিরসনে মিয়ানমারকে চাপ দিয়ে আসা ব্রিটিশ সরকার শরণার্থীদের অবস্থা দেখতে তাদের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডকে বাংলাদেশ সফরে পাঠিয়েছে। তার সঙ্গে দেশটির লিঙ্গ সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা রোপারও এসেছেন।

তারা দুজনই শনিবার কক্সাবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সেপ্টেম্বরে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গা ঢল শুরুর পর যেসব দেশ দেশান্তরী এই মানুষগুলোর সহায়তায় এগিয়ে এসেছে তাদের মধ্যে প্রথম কাতারে রয়েছে যুক্তরাজ্য। এরইমধ্যে ১২৯ মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে।

Image
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে শুক্রবার রোহিঙ্গা সঙ্কট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপমন্ত্রী মার্ক ফিল্ড। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে শুক্রবার রোহিঙ্গা সঙ্কট নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক উপমন্ত্রী মার্ক ফিল্ড। ছবি: মাহমুদ জামান অভি

সংবাদ সম্মেলনে বলা হয়, মানবিক বিপর্যয়কালে অধিকাংশ ক্ষেত্রে লৈঙ্গিক বিষয়গুলো উপেক্ষিত থাকে। তাই শরণার্থী শিবিরের নারী ও মেয়েদের সমস্যা ও তাদের প্রয়োজন সম্পর্কে ধারণা পেতে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে একটি নারী সুরক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন জোয়ানা রোপার। সেখানে তিনি শরণার্থী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

সফরে বাংলাদেশের মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ব্রিটিশ উপমন্ত্রী ফিল্ড ও বিশেষ প্রতিনিধি রোপার। এসব বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার পাশাপাশি নারী শিক্ষা বিস্তার নিয়েও কথা বলবেন তারা।

যুক্তরাজ্যের প্রতিনিধি হিসাবে এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন মার্ক ফিল্ড। আর রোহিঙ্গা সঙ্কট নিয়ে কথা বলতে তিনি মিয়ানমার গেছেন দুইবার। এছাড়া আরেক প্রতিনিধি জোনা রোপার এই প্রথম বাংলাদেশে এসেছেন।

ফিল্ড বলেন, “বাংলাদেশ  রোহিঙ্গা সংকটের জন্য দায়ী না হয়েও বড় ধরনের এই মানবিক সংকট মোকাবেলা করছে। এই রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের সঙ্গে কাজ করাটা জরুরি, বিশেষ করে এই বর্ষা মৌসুমে তা আরও গুরুত্বপূর্ণ।

“প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ। যুক্তরাজ্যের সহায়তা তাদের জীবনমানের উন্নয়নে কীভাবে সহায়তা করছে তা দেখতে আমি উদগ্রীব হয়ে আছি।”

Image
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে শুক্রবার রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য সরকারের নারী সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা জোয়ানা রোপার। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে শুক্রবার রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য সরকারের নারী সমতা বিষয়ক বিশেষ দূত জোয়ানা জোয়ানা রোপার। ছবি: মাহমুদ জামান অভি

সংবাদ সম্মেলনে জোয়ানা রোপার বলেন, লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় কাজের ক্ষেত্রে যুক্তরাজ্য বিশ্বে নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকতে চায়। রোহিঙ্গা সংকটের মতো মানবিক বিপর্যয়ে আক্রান্ত নারী-শিশুদের ক্ষেত্রেও তাদের একই অবস্থান। যৌন সহিংসতা ও শিক্ষার অধিকার বঞ্চিত হওয়ার কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের এসব বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, “আমরা বাংলাদেশে অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করব। সেখানে সব রাজনৈতিক দল তাদের ভূমিকা রাখবে।

“লন্ডনে অবস্থানরত অনেক ব্রিটিশ বাঙালিও এই দেশে নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইস্যুতে আন্তর্জাতিক মহলের আগ্রহও ধীরে ধীরে বাড়ছে। আমি আশা করছি, এই দেশে একটি ভালো নির্বাচনই হবে।”