মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি
একসঙ্গে সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সবার জন্য শিক্ষার সমান সুযোগের প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে এদেশের সকল পর্যায়ের মানুষ, হতদরিদ্র থেকে শুরু করে উচ্চ পর্যায়ের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে। দেশে শিক্ষার মান উন্নত হবে, যার ভিত্তিতে দেশ ও জাতি উন্নত হবে।”
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
আবু বকর সিদ্দিক বলেন, “মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি কমে যাবে, ফলে শিক্ষার্থীরা স্বল্পব্যয়ে লেখাপড়ার সুযোগ পাবে।
“আমরা শুধু নিজেদের স্বার্থে নয়, এদেশের সকল শ্রেণি-পেশার মানুষের সন্তানরা যাতে বিনা খরচে বা কম খরচে শিক্ষা লাভের সুযোগ পায় সেজন্য আমরা এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি।”
পৃথক পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না করে একসঙ্গে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৭-১৮ অর্থবছরে মালদ্বীপে জিডিপির ৫ দশমিক ২ শতাংশ, ভিয়েতনামে ৫ দশমিক ৭ শতাংশ, ভারতে ৩ দশমিক ৮ শতাংশ, নেপালে ৩ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ২ দশমিক ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে।
“অথচ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বনিম্ন জিডিপির ২ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে জিডিপির ২ দশমিক ০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা শিক্ষা স্বার্থবিরোধী, দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।”
শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ ও জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাতীয় শিক্ষানীতি ২০১০ বাস্তবায়নের কোনো উদ্যোগ বাজেটে নাই। এখনও জেএসসি পরীক্ষা হবে কি হবে না- সেটা শিক্ষার্থী অভিভাবকরা জানে না।
“দুই দিন পর পর কারিকুলামের চেঞ্জ হচ্ছে। নতুন বছর আসলেই পাঠ্যপুস্তকে ভুল দেখা যায়। এভাবে তো কোনো দেশ চলতে পারে না।”
‘সবার স্বার্থে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ’ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গেও সংহতি প্রকাশ করেন এই সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলোদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার প্রমুখ।
