২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার ওয়াসা কর্মকর্তা কারাগারে

‘ঘুষের টাকাসহ’ গ্রেপ্তার ঢাকা ওয়াসার (জোন-৯) উত্তরা প্রকল্প ব্যবস্থাপক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 09:39 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকতা দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

Image
গ্রেপ্তার মো. জাহিদুর রহমান

গ্রেপ্তার মো. জাহিদুর রহমান

আসামিপক্ষে আইনজীবী শহিদুজ্জামান জামিন শুনানি করেন। দুদকের পক্ষে মুহাম্মদ আবুল হাসান জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে জাহিদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার দুপুরে উত্তরা দক্ষিণ খানের ৬ নম্বর সেক্টরে নিজের কার্যালয়ে ‘ঘুষের দুই লাখ টাকা’ গ্রহণকালে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল জাহিদুরকে গ্রেপ্তার করে।

মামলায় বলা হয়, ওয়াসার এক গ্রাহকের বকেয়া বিল মওকুফ ও নিয়মিত করতে জাহিদুর রহমান ঘুষ দাবি করলে তিনি দুদকে অভিযোগ করেন। তার অভিযোগ আমলে নিয়ে কমিশন থেকে বিশেষ টিম গঠন করে ফাঁদ পাতা হয়। গোল্ড ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজারের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেছিলেন জাহিদুর রহমান। দুদকের ফাঁদে পা দিয়ে তিনি ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে সংস্থাটির বিশেষ দলের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।

এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় এই মামলা দায়ের করেন।

পুরনো খবর:

কার্যালয়ে বসে ‘ঘুষ’ নেওয়ার সময় ওয়াসা কর্মকর্তা গ্রেপ্তার